হেনাদের পক্ষে সমাজ নেই প্রশাসন নেই, রাষ্ট্রও নেই
সকাল সাড়ে আটটায় রওনা দিয়ে শরীয়তপুরে পৌঁছি সাড়ে চারটায়। মাওয়া-মঙ্গলমাঝিরঘাট-কাওরাকান্দির পথে যাতায়াত করলে মনে হবে সরকারের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বলে কেউ নেই।শরীয়তপুর সদর থেকে পঞ্চপল্লী উচ্চবিদ্যালয় কয়েক কিলোমিটার। ওই বিদ্যালয়ের কাছে পৌঁছাতেই সন্ধ্যা পেরিয়ে যায়। ওখানে গাড়ি রেখে হাঁটতে শুরু করি। কৃষ্ণপক্ষের রাত। অতিদ্রুত অন্ধকারে ঢেকে যায় গোটা এলাকা। চারদিকে সন্ধ্যায়ই নেমে আসে গভীর রাতের নীরবতা। একটি ছোট ব্রিজ পার হয়ে হাঁটতে থাকি। আমার সঙ্গে প্রথম আলোর ফটোসাংবাদিক সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, জেলা শাখা সুজনের সভাপতি আহসান উল্লাহ ইসমাইলী এবং আরও কয়েকজন তরুণ।মেঠোপথে হাঁটতে থাকি। দুই পাশে কোথাও ঘরবাড়ি, কোথাও খাল ও ফসলের জমি। দূরে দূরে বাড়িঘরগুলোকে মনে হয় অন্ধকারের স্তূপ। তরুণেরা টর্চ জ্বালিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যান।পঞ্চপল্লী থেকে নড়িয়া উপজেলার চামটা গ্রামের দরবেশ খাঁর বাড়ি দুই কিলোমিটার দূরে। শুধু মেঠোপথ নয়, দুটো বাঁশের পুলও পার হতে হয়। পঞ্চাশের দশকের পরে এ ধরনের সাঁকোতে খাল বা নদী পার হইনি। একচুল এদিক-ওদিক হলে পতন অনিবার্য। তরুণ বন্ধুরা ধরাধরি করে পার করেন।মানুষের বাড়ির কোনাকানছি পেরিয়ে দরবেশ খাঁর বাড়িতে পৌঁছি। তিনি ও তাঁর স্ত্রী ঘরের ভেতরে ছিলেন। উঠানে লোকজন। তবে গোটা বাড়িতে কবরের নীরবতা।উঠানে একটি বেঞ্চির ওপর জ্বলছিল একটি টিমটিমে হারিকেন। হারিকেনের আলোটুকু ছাড়া মনে হচ্ছিল গোটা বাংলাদেশ অন্ধকার। আমাদের খবর পেয়ে দরবেশ খাঁ ও তাঁর স্ত্রী বেরিয়ে এলেন। তবে চলার শক্তি তাঁদের নেই। তাঁদের মেয়ে হেনার মৃত্যুতে সমবেদনা জানাতে চাই। দোররার আঘাতে সদ্য মৃত ধর্ষণের শিকার মেয়ের কথা মা-বাবার কাছে শুনতে চাওয়া আর তাঁদের বুকে হাতুড়ি পেটানো একই কথা। তবু শুনি। সান্ত্বনা দেওয়ার ভাষা পাই না।১৪ বছরের হেনা তাঁর বিবাহিত চাচাতো ভাইয়ের দ্বারা ধর্ষিত হয় গত রোববার রাতে। তার চিৎকার শুনে ধর্ষকের স্ত্রী ও তাঁদের পরিবারের লোকদের দ্বারা সে অমানুষিক নির্যাতনের শিকার হয়। পেটাতে পেটাতে তাকে মাটিতে শুইয়ে লাথি মারে এবং পা দিয়ে মাড়ায় ধর্ষকের স্ত্রীসহ কয়েকজন মহিলা।ওখানেই শেষ নয়। তার পরদিন বসে সালিস বৈঠক। ইউনিয়ন পরিষদের সদস্য সালিসে নেতৃত্ব দেন। স্থানীয় মাদ্রাসার সুপারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফতোয়া কমিটিও গঠিত হয়।তাঁরা রায় দেন, এই মেয়ে জেনা করেছে। এর শাস্তি কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মারা। কিন্তু তাঁদের দয়ার শরীর। শাস্তি কমিয়ে হেনাকে ১০০ দোররার হুকুম দেন। ধর্ষককে ২০০ দোররা ও ৫০ হাজার টাকা জরিমানা।১০০ দোররার প্রয়োজন হয়নি। ৭০-৮০টি মারার পরই হেনা অচেতন হয়ে পড়ে। অবশ্য দোররার আগেই, আগের দিন ধর্ষকের স্ত্রী ও অন্যরা হেনার যৌনাঙ্গে লাঠি প্রবিষ্ট করে রক্তাক্ত করেছিল বলে তার মা জানান।হেনার মৃত্যু না হলে বিষয়টি কেউ জানত না। বিশেষ করে, সাংবাদিকদের লেখায় সারা দেশের মানুষ জানতে পারে। বুধবার হাইকোর্টও জানতে চেয়েছেন, স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে কী ভূমিকা ছিল। ফতোয়াবাজদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।হেনার বাবা ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। কয়েকজন ফতোয়াবাজ গ্রেপ্তার হলেও ধর্ষক ও ইউপি মেম্বার পলাতক। হেনার হত্যাকারীদের বিচার ও শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে।হেনার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিন ধর্ষণ ও নানা রকম নারী নির্যাতন ঘটছে সারা দেশে। ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও অপ্রতিহতভাবে ফতোয়ার শিকার হচ্ছে নারী। বাংলাদেশে হেনা একজন নয়, অসংখ্য। প্রতিদিন হেনাদের ধর্ষণ ও যৌন নির্যাতন করা হচ্ছে। তারা হয় আত্মহত্যা করছে অথবা তাদের হত্যা করা হচ্ছে। আমাদের সমাজের চোখ নেই, কান নেই—তাই হেনাদের আর্তনাদ সমাজের কানে যায় না। চোখ নেই, তাই সমাজের কান্নার প্রশ্ন আসে না। আর আমাদের রাষ্ট্রের চোখ পাথরের। পাথরের চোখে পানি আসতে পারে না।হেনাদের পক্ষে সমাজ নেই। প্রশাসন নেই। রাষ্ট্রও নেই। স্থানীয় সরকারের প্রতিনিধিরা তাদের বিরুদ্ধে। রাজনীতিক ও এমপিরা তাদের পক্ষে নন। দারোগা, পুলিশ ও বিচার বিভাগ প্রবলের পক্ষে।সমাজ-নেতাদের থেকে হেনা বিচার পায়নি। যদি রাষ্ট্র থেকেও তার বাবা বিচার না পান এবং ধর্ষকসহ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা যদি আবার সমাজে সদর্পে ঘুরে বেড়ায়, তা হলে তা হবে রাষ্ট্রের চরম ব্যর্থতা। এবং সেই ব্যর্থতার জন্য জবাবদিহি কোনো একদিন রাষ্ট্রকে করতে হবে।