হেনার নতুন ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোররা মারার পর নিহত শরীয়তপুরের হেনা আক্তারের নতুন ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি তুলে ধরা হয়।আগের ময়নাতদন্ত প্রতিবেদন ও নতুন ময়নাতদন্তে অসংগতি রয়েছে বলে আদালত মন্তব্য করেছেন। নতুন ময়নাতদন্তে হেনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা নিয়ে আদালতের ইতিপূর্বে ধার্য করা তারিখ অনুযায়ী কাল শুনানি হওয়ার কথা রয়েছে।আজ বিকেলে আদালত হেনার বাবা দরবেশ খাঁ ও বোন মিনু বেগমকে কাল বৃহস্পতিবার সকালে হাজির করতে বলা হয়েছে। শরীয়তপুরের জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন জানান, প্রতিবেদনটি আদালতে পেশ করা হয়েছে। আগের তারিখ অনুযায়ী কাল শুনানি হওয়ার কথা।উল্লেখ্য, নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসের দেওয়া ফতোয়ার নির্যাতনের শিকার হেনা আক্তার ৩১ জানুয়ারি মারা যায়। হাইকোর্ট ৭ ফেব্রুয়ারি হেনা আক্তারের লাশ তুলে পুনরায় ময়নাতদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন। হেনার প্রথম ময়নাতদন্ত নিয়ে ওই দিন একটি ইংরেজি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এটা নজরে এলে আদালত তা পর্যালোচনা করে স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন।