হেনার পরিবার আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামে দোররার আঘাতে কিশোরী হেনা হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেছে। কিন্তু বেশির ভাগ ফতোয়াবাজকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মূল আসামিরা পাশের গ্রামে অবস্থান করলেও পুলিশ তাঁদের ধরতে পারছে না। এ অবস্থায় চরম অনিশ্চয়তা ও আতঙ্কে দিন কাটাচ্ছে হেনার দরিদ্র পরিবার।এ দিকে হেনাকে দোররা মারা ও হত্যাকাণ্ডের আগে এবং পরে স্থানীয় প্রশাসনের কোনো দুর্বলতা ছিল কি না, এ বিষয়ে তদন্তের জন্য জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন গত শনিবার তিন সদস্যের কমিটি গঠন করেছেন। আগামী চার দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে হবে। কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবি আবদুল্লাহ, সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ তালেবুর রহমান ও সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসক সৈয়দ নাজিয়া।গ্রামবাসী ও হেনার পরিবারের সদস্যরা জানায়, হেনা হত্যাকাণ্ডে দোররা মারার ফতোয়া দেওয়া চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস শেখ পাশের দিনারা গ্রামে মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। অন্য ফতোয়াবাজ ও হেনার ধর্ষক মাহাবুবের শ্যালক লতিফ মীরমালত পাশের গুলমাইজ গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে হেনার স্বজনেরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ শনিবার রাতে গ্রাম দুটিতে অভিযান চালায়। কিন্তু টের পেয়ে পালিয়ে যান ইদ্রিস ও লতিফ।এদিকে হেনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বাড়িতে চামটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশের চার সদস্যকে নিয়োজিত করা হয়েছে। নড়িয়া থানা পুলিশ দিনে ও রাতে হেনাদের বাড়িতে টহল অব্যাহত রেখেছে।হেনার বাবা দরবেশ খাঁ বলেন, ‘মামলার অধিকাংশ আসামি গ্রেপ্তার হয়নি। তারা আশপাশের গ্রামে থাকায় ভয়ের মধ্যে আছি।’ তিনি বলেন, ‘মামলার প্রধান আসামিরা আমাদের স্বজন হওয়ায় অন্য স্বজনদের কাছ থেকেও কোনো সহযোগিতা পাচ্ছি না।’হেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন বলেন, ‘আসামিরা পাশের গ্রামে আছে, এমন খবর পেয়ে অভিযান চালাই। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। গ্রেপ্তার অভিযান চলছে।’গত ৩০ জানুয়ারি রাতে কিশোরী হেনাকে ধর্ষণ করে তার চাচাতো ভাই ও প্রতিবেশী মাহাবুব (৪০)। এ ঘটনায় সালিস হলে ৭০-৮০টি দোররার আঘাতে হেনা অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি রাতে হেনার মৃত্যু হয়। মামলার ১৮ আসামির মাত্র চারজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।