হেনার মৃত্যু: চার চিকিৎসকের বিরুদ্ধে মামলার নির্দেশ
হেনার ময়নাতদন্ত নিয়ে মামলার আলামত নষ্ট ও তথ্য গোপনের অভিযোগে শরীয়তপুরের সিভিল সার্জনসহ চারজন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক ও শরীয়তপুরের পুলিশ সুপারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।চার চিকিৎসক হলেন সিভিল সার্জন গোলাম সারোয়ার, নির্মল চন্দ্র দাস, হোসনে আরা ও রাজেশ মজুমদার। আজ সোমবার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।একই সঙ্গে আদালত এ চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকেও তাদের বিধি অনুযায়ী এ চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।এর আগে সাড়ে ১১টায় শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন, হেনার মৃত্যুর ঘটনায় দুই ময়নাতদন্তের অসংগতি খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন তুলে ধরেন।শরীয়তপুরের কিশোরী হেনার মৃত দেহের দুটি ময়নাতদন্তের মধ্যে দ্বিতীয়টি সঠিক। সামগ্রিকভাবে প্রথম ময়নাতদন্তের মতামত ছিল অস্পষ্ট। দ্বিতীয় ময়নাতদন্ত না হলে মৃত্যুর কারণ অনুদঘাটিত থাকত। দুটি ময়নাতদন্ত পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ কথা বলা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত প্রতিবেদনটি গত বুধবার সুপ্রিম কোর্টে এসে পৌঁছে।এদিকে, কিশোরী হেনার ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে বিষাক্ত কোনো দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। বিষাক্ত দ্রব্য পানে হেনার মৃত্যু হতে পারে—এমন সন্দেহে ময়নাতদন্তকারী চিকিৎসকেরা হেনার ভিসেরা সংরক্ষণ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠান।এর আগে ১০ ফেব্রুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুটি ময়নাতদন্তের প্রতিবেদনের অমিল খতিয়ে দেখতে নির্দেশ দেন। জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত প্রতিবেদন ৩০ দিনের মধ্যে কমিটিকে দিতে বলা হয়। একই সঙ্গে হেনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী নড়িয়া থানার উপপরিদর্শক আসলাম উদ্দিন ও এজাহার নথিভুক্তকারী পরিদর্শক (তদন্ত) মির্জা এ কে আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রতিবেদনও দাখিল করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি প্রতিবেদনও সুপ্রিম কোর্টে এসে পৌঁছে। ময়নাতদন্ত নিয়ে: আদালতের নির্দেশ অনুসারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাঁদের প্রতিবেদনে বলা হয়—প্রথম ও দ্বিতীয় তদন্ত রিপোর্টে বর্ণিত জখম পর্যালোচনা করে দেখা যায়, দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টটি সঠিক। কারণ, দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে জখমের সঙ্গে শরীয়তপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন সময়ে চিকিত্সা ব্যবস্থাপত্রে উল্লিখিত জখমের মিল পাওয়া যায়। হাসপাতালের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, হেনার শরীরে জখমের বর্ণনা লিপিবদ্ধ ছিল। হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক নির্মল চন্দ্র দাসের অধীনে হেনা ভর্তি ছিলেন। ময়নাতদন্ত বোর্ডের সভাপতি নির্মল চন্দ্র দাস পরবর্তী সময়ে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত দেহে জখমের উল্লেখ করেননি। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যালোচনায় বলা হয়,প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকেরা ও সিভিল সার্জন ইচ্ছাকৃতভাবে জখম উল্লেখ না করায় তাঁরা সমভাবে দায়ী। সিভিল সার্জনের গাফিলতি প্রমাণিত। যা চিকিত্সা নীতির পরিপন্থী।