হেনার লাশ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ
শরীয়তপুরে হেনার মৃত্যুর ঘটনায় তাঁর লাশ তুলে পুনরায় ময়নাতদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মিনিটও বিলম্ব না করে শরীয়তপুরের জেলার প্রশাসক ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।একই সঙ্গে আদালত হেনার ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বলেছেন। তাতে একজন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, গাইনিবিশেষজ্ঞ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিত্সক থাকবেন।সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ওই চিকিত্সককে অতিসত্বর সেখানে পাঠাতে কলেজের পরিচালককে নির্দেশ দেওয়া হয়ছে।হেনার সুরতহাল প্রতিবেদন তৈরিকারী নড়িয়া থানার উপপরিদর্শক মো. আসলাম উদ্দিনকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে তলব করা হয়েছে। সুরতহালে কী পাওয়া গেছে, সে সম্পর্কে ব্যাখা এবং তাদের কী ভূমিকা ছিল তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হেনার ঘটনায় দায়ের করা এফআইআরের কপি এবং ১৬৪ ধারার কপি ওই উপপরিদর্শককে দিতে বলা হয়েছে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে শরীয়তপুরের চিকিত্সক সুলতান, নির্মল চন্দ্র দাস, জ্যেষ্ঠ নার্স, ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস শেখ ওরফে ইদ্রিস ফকিরকে তাঁদের ভূমিকা ও নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়েছে। আদালতের আদেশের কপি, ফ্যাক্স বার্তা ও টেলিফোনে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক, শরীয়তপুরের জেলা প্রশাসক, জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবিলম্বে অবহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়টি ১০ ফেব্রুয়ারি শুনানির জন্য আসবে। আজ বেলা দুইটায় এজলাসে আসেন বিচারপতিরা। দোররার আঘাতে নিহত হেনার ময়নাতদন্ত ভুলভাবে চিহ্নিতসংক্রান্ত প্রতিবেদন একটি ইংরেজি জাতীয় দৈনিকে আজ প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বেলা পৌনে তিনটায় এ আদেশ দেন।এর আগে ২ ফেব্রুয়ারি শরীয়তপুরে দোররা মারার ফলে হেনা আক্তার নামের এক কিশোরীর মৃত্যুর ঘটনা এবং তা প্রতিরোধে ইতিপূর্বে দেওয়া রায়ের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানতে চেয়েছিল হাইকোর্টের একই বেঞ্চ। ১৫ দিনের মধ্যে সেখানকার জেলা প্রশাসক ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়। উল্লেখ্য, হেনার ফুফাতো বোনসহ আত্মীয়রা জানান, হেনা শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের দরিদ্র কৃষক দরবেশ খাঁর মেয়ে। গত রোববার দিবাগত রাতে মেয়েটি প্রাকৃতিক কাজে ঘরের বাইরে যায়। এ সময় তার দূর সম্পর্কের চাচাতো ভাই মাহাবুব (৪০) তার মুখে কাপড় গুঁজে দিয়ে পাশে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিত্কারে প্রথমে মাহাবুবের স্ত্রী ও ভাই বেরিয়ে আসেন। কিন্তু তাঁরা উল্টো মেয়েটিকে মারধর করেন। একপর্যায়ে হেনার মা-বাবা, ভাইবোনসহ বাড়ির লোকজন বের হয় এবং মেয়েটিকে উদ্ধার করে। হেনাদের ঘর থেকে মাহাবুবের ঘরের দূরত্ব ২০-২৫ গজ হবে বলে জানিয়েছে স্বজনেরা।নড়িয়া থানা ও এলাকার সূত্র জানায়, ঘটনা জানাজানি হলে পরের দিন সোমবার চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস ফকিরের নেতৃত্বে সালিস-বৈঠকের আয়োজন করা হয়। সালিসে মাহাবুবকে ২০০ দোররা ও ৫০ হাজার টাকা জরিমানা আর কিশোরী হেনাকে ১০০ দোররা মারার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ধর্ষকের শাস্তি অর্ধেক কমিয়ে তাত্ক্ষণিক সালিসকারীরা তাকে ১০০ দোররা মারেন। হেনাকে ৭০-৮০টি দোররা মারার পর সে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাতে হেনা মারা যায়।