হেনার লাশ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রাতেই হেনার লাশ তোলা হয়েছে এবং পুনরায় ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছেদোররা মারার পর নিহত শরীয়তপুরের নড়িয়া উপজেলার হেনা আক্তারের লাশ পুনরায় ময়নাতদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কালবিলম্ব না করে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাকে (সিভিল সার্জন) এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। নতুন করে ময়নাতদন্তের জন্য আদালত তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।আদালতের নির্দেশের পর গতকাল রাত সাড়ে নয়টায় কবর থেকে হেনার লাশ তোলা হয়েছে। পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসদারদের ফতোয়া ও দোররার শিকার ১৪ বছরের কিশোরী হেনা আক্তার ৩১ জানুয়ারি মারা যায়। হেনার ময়নাতদন্তের তথ্য নিয়ে গতকাল ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ সংবাদ প্রকাশিত হয়। এটা নজরে এলে আদালত তা পর্যালোচনা করে স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন। একই সঙ্গে নড়িয়া থানার উপপরিদর্শক মো. আসলাম উদ্দিন, চিকিৎসক সুলতান, নির্মল চন্দ্র দাস, জ্যেষ্ঠ নার্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং সালিস বৈঠকে নেতৃত্ব দেওয়া ইদ্রিস ফকিরকে ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে তলব করা হয়েছে।আদালত সুরতহাল প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করেন, এটা দুর্ভাগ্যজনক। পুলিশ ও চিকিৎসকদের মধ্যে মিথ্যা সুরতহাল দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। নতুবা ফতোয়া বন্ধের দৃঢ় সংকল্প ব্যাহত হবে। আদালতে প্রকাশিত প্রতিবেদন এবং ওই সুরতহাল প্রতিবেদনটি পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এরপর বেলা পৌনে তিনটায় আদেশ দেন আদালত। আদেশের কপি ফ্যাক্স বার্তা ও টেলিফোনে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক, শরীয়তপুরের জেলা প্রশাসক, জেলা স্বাস্থ্য কর্মকর্তা ও নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবিলম্বে অবহিত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়। নড়িয়ার থানার উপপরিদর্শক আসলাম উদ্দিনের বর্ণনা অনুসারে সুরতহাল প্রতিবেদন তুলে ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কোথাও কোনো জখমের চিহ্ন নেই বলা হয়েছে। চোখের সামান্য নিচে জখম আছে। চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল। স্থানীয়ভাবে জানা গেছে, আঘাতের কারণে মারা গেছে।’ আদালত জানতে চান, সুরতহাল প্রতিবেদনে এসব লেখা যায় কি না? জবাবে আলতাফ হোসেন বলেন, ‘না।’ এরপর আদালত হেনার ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। এতে একজন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একজন চিকিৎসক থাকবেন। নড়িয়া থানার উপপরিদর্শক মো. আসলাম উদ্দিনকে ১০ ফেব্রুয়ারি সকাল এফআইআর ও ১৬৪ ধারার জবানবন্দির কপি নিয়ে সাড়ে ১০টায় হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন এবং ওই ঘটনায় তাঁদের ভূমিকা ব্যাখ্যা দিতে তাঁকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে হেনাকে দেওয়া চিকিৎসাসেবা ও ময়নাতদন্তের বিষয়ে ব্যাখ্যার জন্য চিকিৎসক সুলতান, নির্মল চন্দ্র দাস, জ্যেষ্ঠ নার্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ১০ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। হেনার নির্যাতনের ঘটনা ও ব্যাখ্যার জন্য চামটা ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস শেখ ওরফে ইদ্রিস ফকিরকেও ওই দিন হাজির হতে বলা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না!’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন আদালতের নজরে আনেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর। এর পরিপ্রেক্ষিতে ওই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন। দোররা মারার ফলে হেনাকে রক্ষায় এবং তা প্রতিরোধে ইতিপূর্বে দেওয়া রায়ের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানতে বলা হয়। ১৫ দিনের মধ্যে সেখানকার জেলা প্রশাসক ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়।আমাদের শরীতপুর প্রতিনিধি জানান, ২ ফেব্রুয়ারি দুপুরে হেনার মরদেহের ময়নাতদন্ত করেন শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সারোয়ার, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নির্মল চন্দ্র দাস, চিকিৎসা কর্মকর্তা রাজেশ মজুমদার ও গাইনি বিশেষজ্ঞ হোসনে আরা। ৩ ফেব্রুয়ারি ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হেনার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। শরীর স্বাভাবিক ছিল, তবে হালকা নীলাভ ছিল। রাসায়নিক পরীক্ষার জন্য মগজ, যকৃৎ, পাকস্থলী ও বৃক্ক ঢাকা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।সিভিল সার্জন গোলাম সারোয়ার বলেন, ‘আমার নেতৃত্বে তিনজন ডাক্তার ময়নাতদন্ত করেছেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃতদেহটি হালকা নীলাভ ছিল। ভিসেরা সংরক্ষণ করে রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার রিপোর্ট এলে মৃত্যুর মূল কারণ বোঝা যাবে।’প্রতিবেদন সম্পর্কে জানতে পেরে গতকাল হেনার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।দুজনের ১৬৪ ধারায় জবানবন্দি: হেনা হত্যা মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে আলাবক্স করাতী ও জয়নাল মীরমালত দোররা মারার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার ধর্ষক মাহাবুবের স্ত্রী শিল্পী বেগম ও ফতোয়া প্রদানকারী ইমাম মফিজ উদ্দিনকে রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি নথিভুক্ত না করে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘এ দুজন রাজি না হওয়ায় তাঁদের জবানবন্দি নথিভুক্ত করা সম্ভব হয়নি।’মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি আইনজীবী রওশন আরা বেগম বলেন, ‘হেনার ঘটনাটি বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। এমন একটি নৃশংস ঘটনা কেউ অন্য খাতে নেওয়ার চেষ্টা করবে, তা হতে পারে না। আমরা এ পরিবারটির পাশে আছি। সর্বপ্রকার আইনি সহায়তা তাদের প্রদান করব।’