হেফাজত ও জামায়াতের কথার সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী (ভিডিও)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা ধর্ম নিয়ে তর্কাতর্কি ও বাড়াবাড়ি করে, তারা ধর্ম ও ধর্মপ্রাণ মানুষের ক্ষতি করে। হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম যেসব কথা বলছে, তাতে ধর্ম ও ইসলামের কোনো সম্পর্ক নেই। এসব কথার আড়ালে তারা রাজনীতি করছে। কোনো মুসলমানকে মুসলমানের সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি।আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা মিলনায়তনে ইমাম, ওলামা-মাশায়েখ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দিনক্ষণ দিয়ে সরকারের পতন হয় না। দ্বন্দ্ব, সংঘাত, হত্যার রাজনীতির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে যার যার এলাকায় ফেরত যাওয়ার আহ্বান জানান তিনি।তথ্যমন্ত্রী বলেন, ‘চাঁদে সাঈদীর ছবি দেখানোর মতো ইসলামবিরোধী কাজ, বায়তুল মোকাররমে জায়নামাজ পোড়ানোর মতো খারাপ কাজ, মক্কার গিলাফ নিয়ে মিথ্যাচার করার মতো খারাপ কাজের বিরুদ্ধে হেফাজতে ইসলামের মুখে একটা শব্দও নাই। হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। রাজনীতিতে যেভাবে মোকাবিলা করতে হয়, সরকার সেভাবেই মোকাবিলা করবে।’অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।