হেফাজত দুর্যোগ নিয়ে এসেছিল: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি-জামায়াতের সহযোগিতায় হেফাজতে ইসলাম গতকাল (রোববার) দেশে দুর্যোগ নিয়ে এসেছিল। তবে বিএনপি-জামায়াত এখনো ওত পেতে আছে। আমরা একটি সাংবিধানিক সরকার এবং কোরআন-সুন্নাহ সমুন্নত রাখব। উগ্র হেফাজতদের ধ্বংসযজ্ঞ বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না।’ আজ সোমবার বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভায় নাসিম এসব কথা বলেন।নাসিম বলেন, ‘হেফাজতে ইসলাম ঢাকা ছেড়ে গেলেও বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র থেকে আমরা এখনো রক্ষা পাইনি। বাংলাদেশে আর কখনো ১৫ ও ২১ আগস্ট হতে দেওয়া হবে না। আর কখনো এক-এগারো ফিরে আসবে না।’ আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা শাপলা চত্বরে যে ভাষায় কথা বলেছেন, যে শব্দ ব্যবহার করেছেন, কোনো সুস্থ মানুষ কখনো এভাবে কথা বলতে পারেন না। হেফাজতকে খালেদা জিয়া সহযোগিতার কথা বলার পরপরই বায়তুল মোকাররম, পল্টন ও মতিঝিল এলাকায় ধ্বংসযজ্ঞ চালানো হয়। আর এভাবে কাউকে চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সৈনিকেরা মাঠে আছে, মাঠে থাকবে। মানুষের জানমাল রক্ষায় ভূমিকা রাখবে।’ আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় টিঅ্যান্ডটি কলোনি মাঠে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সমাবেশ হবে বলেও জানান তিনি।