হেফাজত-পুলিশ সংঘর্ষে প্রাণ গেল পরিবহনশ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ রোববার বেলা দেড়টার দিকে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় আহত হন পরিবহনশ্রমিক সিদ্দিকুর রহমান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক হরিপদ সাহা প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।মাসুদুর রহমান বলেন, সিদ্দিকুর রহমান হানিফ পরিবহনের একটি বাসের সহকারী ছিলেন। বেলা দেড়টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা তিনটার দিকে সিদ্দিকুর মারা যান। হানিফ পরিবহনের সংশ্লিষ্ট বাসের চালক জুয়েল দাবি করেন, ঢাকা থেকে কক্সবাজার রুটে তাঁদের গাড়িটি চলাচল করে। তিন দিন আগে গাড়িটি রিকুইজিশন করে পুলিশ। আজ বেলা দেড়টার দিকে তিনি ও তাঁর সহকারী সিদ্দিকুর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। হঠাৎ করে সিদ্দিকুরের মুখমণ্ডলে ও শরীরে গুলি লাগে। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।