হেফাজত-বিএনপি-জামায়াত একই দল: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, হেফাজত, বিএনপি ও জামায়াত আসলে একই দল। তারা সমঝোতার মাধ্যমে সমন্বয় করেই গত শনিবারের সমাবেশ ও গতকাল রোববারের ঢাকা অবরোধের কর্মসূচি দিয়েছে। একসঙ্গে মিলে ঢাকায় তাণ্ডব চালিয়েছে।গতকাল বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। আর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের ছদ্মবেশে জামায়াত ও শিবিরের দুষ্কৃতকারী কিছু কর্মী নগরের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছেন। হেফাজতের পক্ষ থেকেই তাঁকে এ কথা জানানো হয়েছে।দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতি নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ওই প্রস্তাবে প্রথমে শর্ত জুড়ে দিলেন। তারপর তা প্রত্যাখ্যান করে তাঁদের দাবি মানার জন্য সময় বেঁধে দিলেন। হেফাজতের সঙ্গে সমঝোতা করেই খালেদা জিয়া এসব করেছেন। জামায়াত তো তাঁর সঙ্গে আছেই। তবে খালেদা জিয়ার মনে রাখা উচিত, হেফাজতের দাবি বাস্তবায়িত হলে তাঁকে তো বোরকা পরে পাকঘরের মধ্যে থাকতে হবে।সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ কখনো কারও কোনো সময় বেঁধে দেওয়াকে গ্রহণ করেনি। এবারও করবে না। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার বেঁধে দেওয়া সময় সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন এবং প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী শর্তহীন আলোচনায় অংশ নিয়ে নির্বাচনকালীন সরকার পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।সৈয়দ আশরাফ হেফাজতে ইসলামকে রাজাকার-আলবদরদের নতুন প্রজন্ম উল্লেখ করে বলেন, তারা কখনো রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসতে পারবে না। মূল রাজনীতি হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। সেই রাজনীতির ধারায় আসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আলোচনায় আসুন। আলোচনার মাধ্যমেই সব বিষয় নিষ্পত্তি হবে।’হেফাজতে ইসলামের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় তাদের চালানো তাণ্ডবে পাকিস্তানি প্রেতাত্মাদের চিত্র দেখা গেছে। ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছিল বলেই তারা এটা করতে পেরেছে। এরপর আর ঢাকায় আসতে দেওয়া হবে না। দরকার হলে ঘরে বন্ধ করে রাখা হবে।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের মধ্যে মতিয়া চৌধুরী, শেখ সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, হাছান মাহমুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং: মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে অবরোধ বা সমাবেশ করার প্রস্তাব অনুযায়ী ছয়টি স্থানে এসব কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়। তারা সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। কিন্তু তারা প্রতিশ্রুতি পালনে সমর্থ হয়নি। তবে তারা বলেছে, তাদের মধ্যে জামায়াত-শিবিরের কিছু দুষ্কৃতকারী কর্মী ঢুকে পড়ায় যে শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল, তা বিঘ্নিত হয়েছে।ব্রিফিংয়ের সময় সচিবালয়ের চারপাশে কাঁদানে গ্যাসের শেল ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। কাঁদানে গ্যাসের ঝাঁজ পাওয়া যাচ্ছিল সচিবালয়ের ভেতর থেকেও। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা করে মন্ত্রী বলেন, এসব কাজ অনভিপ্রেত। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে কাজ করছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পুলিশ কঠোর হতে বাধ্য হবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা তৈরি আছি।’ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, শনিবারের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের পরই এ অবস্থার সৃষ্টি হয়েছে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য খালেদা জিয়াই দায়ী।