রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের পাশে থাকতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল আজ সোমবার বেলা তিনটা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। গতকাল রাতে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান গতকাল রোববার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকায় আসা হেফাজতে ইসলামের কর্মীরা মুসাফির। তাঁদের খাবার ও অন্যান্য সহায়তা দেওয়ার জন্য তিনি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। শামসুজ্জামান হেফাজতের ওপর পুলিশ-র্যাব ও সরকারদলীয়দের গুলি না চালানোর আহ্বান জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে সবকিছু ঠিক হয়ে যাবে।এদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মানতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৪৮ ঘণ্টার সময়সীমা আজ সোমবার সন্ধ্যা ছয়টায় শেষ হচ্ছে। এরপর দাবি আদায়ে নতুন কর্মসূচি দেবে তারা।গত শনিবার মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সময়সীমার ঘোষণা দেন। এ সময়ের মধ্যে দাবি না মানলে রাজপথে বসে পড়ার হুমকি দেন খালেদা জিয়া।৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেও গতকাল বিকেল থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিকেল সাড়ে চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে ওই এলাকায় পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ গুলিও করে। কিন্তু হেফাজতের কর্মীরা নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কে আগুন জ্বালিয়ে এবং ইট ফেলে অবরোধ করে। নির্মাণাধীন ভবনের সামনে থেকে বালু ও সিমেন্টের বস্তা সড়কে ফেলে রাস্তা অবরোধ করা হয়। এরপর দুই পাশ থেকে পুলিশের সদস্যরা আর ওই সড়কে আসতে পারেননি। বিএনপির কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সন্ধ্যার পরপর বিএনপির আরও কিছু কর্মী পল্টন এলাকার বিভিন্ন গলি দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেন।