হেফাজতে ইসলাম কথা রেখেছে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হেফাজতে ইসলামের কর্মসূচি ইসলামের নবীর প্রতি শ্রদ্ধা কি না, এ নিয়ে সন্দেহ রয়েছে। তবে তিনি এ-ও বলেন, ‘হেফাজতে ইসলাম কথা দিয়েছিলেন, তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। তাঁরা কথা রেখেছেন। সরকার তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, সরকার ধর্মীয় মূল্যবোধের প্রতি আস্থাশীল।’হেফাজতের মহাসমাবেশ শেষে আজ শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের টিসিবি ভবনে নিজ কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহবুব উল হানিফ এ কথা বলেন।হানিফ বলেন, ‘নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো ন্যায়সংগত। জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী আল্লাহ ও তাঁর রাসুলকে নিয়ে অনেক কটূক্তি করেছেন। আমরা আশা করেছিলাম, তাঁরা মওদুদীর বিচার চাইবেন। কিন্তু তাঁরা তা করেননি। যে কারণে হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে আমাদের সন্দেহ রয়ে গেছে।’ তিনি আরও বলেন, যারা হেফাজতের কর্মসূচিতে সমর্থন দিয়েছে, তারা রাজনৈতিকভাবে নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করেছে। ৮ এপ্রিল হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচি সম্পর্কে হানিফ বলেন, ‘হেফাজতের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছিল। তখন মহাসমাবেশ থেকে কিছু লোক “হরতাল হরতাল” বলতে থাকে। যারা এ স্লোগান দিয়েছে, তারা বিএনপি ও জামায়াতের বলে মনে হচ্ছে। এদের চাপেই হেফাজতে ইসলাম হরতাল দিয়েছে। তা না হলে তারা হয়তো হরতাল দিত না। এ হরতালের কোনো যৌক্তিকতা নেই।’গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা সম্পর্কে হানিফ বলেন, ‘কর্মসূচি শেষে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বাড়ি ফিরে যাওয়ার সময় কিছু লোক শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা করেছে। এরা হেফাজতের কর্মী নয়, বিএনপি-জামায়াতের।’সরকার নৈরাজ্য সৃষ্টি করে জরুরি অবস্থা জারি করতে চায়— বিরোধী দলের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, ‘বিরোধী দল ক্ষমতালিপ্সু হয়ে মানবতাবিরোধী ও ধর্মীয় সংগঠনগুলোকে উসকে দিচ্ছে। বিএনপি-জামায়াত হেফাজতের কর্মসূচির মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা করেছে। এ নিয়ে অনেক টাকা লেনদেন হয়েছে বলেও ইউটিউবের ভিডিওতে দেখা গেছে।’এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘সরকারকে নাস্তিক্যবাদী বলাটা অযৌক্তিক। এভাবে কাউকে নাস্তিক বলা ঠিক নয়। তাছাড়া “নাস্তিক” শব্দটা কোরআনে আছে কি না, এ নিয়ে প্রশ্ন আছে।’