হেফাজতে ইসলাম জামায়াতের ফাঁদে পা দিয়েছে: ইনু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হেফাজতে ইসলাম জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইসলাম রক্ষার নামে মাঠে নেমেছেন। কিন্তু তাঁর পাশে রয়েছে যুদ্ধাপরাধের চিহ্নিত ক্যাডারসহ আফগান ফেরত ক্যাডার ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্যাডাররা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইনু বলেন, কতিপয় হুজুর ইসলাম নয়, জামায়াতে ইসলামীকে রক্ষার চেষ্টা করছেন। জামায়াতে ইসলামীর ফাঁদ থেকে বেড়িয়ে লংমার্চ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বিএনপি তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে। জামায়াত-বিএনপি এখন একাকার হয়ে গেছে। তাদের মূল উদ্দেশ্য, ইসলামকে ব্যবহার করে যুদ্ধাপরাধের বিচার ঠেকানো। তিনি বলেন, বিএনপি সরাসরি সেনাবাহিনীকে উসকে দিচ্ছে। তাদের চাওয়া যেকোনো পন্থায় ক্ষমতায় যাওয়া। তথ্যমন্ত্রী প্রশ্ন করেন, নামকরা হুজুররা যদি ঈমানি দায়িত্ব পালন করতেন, তাহলে সাঈদীকে চাঁদে দেখা গেছে কেন? তিনি বলেন, পবিত্র কাবা শরিফের গিলাফ নিয়ে ‘নয়া দিগন্ত’ ও ‘আমার দেশ’-এ প্রকাশিত প্রতিবেদন নিয়ে একটি কথাও উচ্চারণ করেননি। ইনু বলেন, ইসলাম কোনো ফাতনা-ফ্যাসাদ পছন্দ করে না। কিন্তু যখন পুলিশকে মেরে থেঁতলে দিচ্ছে, তখনো তাঁরা এ বিষয়ে কথা বলেননি। তাঁরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন না, করছেন রাষ্ট্রের বিরুদ্ধে। হেফাজতে ইসলাম লংমার্চের যে ডাক দিয়েছে তা করার আসলে কোনো প্রয়োজন নেই। বহু হুজুর সোচ্চার হয়েছেন। প্রধানমন্ত্রীর ঈমান নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই অধিকার তাঁদের নেই। ঈমানি দায়িত্ব মাপার দাঁড়িপাল্লা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। মাদ্রাসার প্রিন্সিপালের কাউকে মুসলিম বা অমুসলিম বলার কোনো অধিকার নেই। তথ্যমন্ত্রী আরও বলেন, ১৯৫২, ১৯৫৪ ও ১৯৭১ সালেও ইসলামের নামে এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁরা বিরোধিতা করেছেন। হেফাজতে ইসলামের কাছ থেকে বাংলাদেশের মানুষকে ইসলাম শিখতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। অসুস্থ, বয়োবৃদ্ধ ও শ্রদ্ধাভাজন আল্লামা শাহ আহমদ শফীকে জামায়াতের পাতা ফাঁদে পা না দেওয়ারও আহ্বান জানান তিনি।