হেফাজতে ইসলাম নয়, হেফাজতে ইনসান প্রয়োজন: মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের উদ্দেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, হেফাজতে ইসলাম নয়, হেফাজতে ইনসান প্রয়োজন। তিনি বলেন, ‘আমি নিজেই একজন মুসলমান হিসেবে নিজের ধর্ম রক্ষা করতে পারি। এ দায়িত্ব আপনাদের নয়। ধর্ম গেল, এ নিয়ে আন্দোলন না করে বরং প্রতিটি মানুষের খাদ্য অধিকার নিয়ে আন্দোলন করুন। ’আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘খাদ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা ও বিভিন্ন দিক’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। সভায় চার মাসের মধ্যে খাদ্য অধিকার আইনের রূপরেখা বাস্তবায়নে সাতটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সাতটি পদক্ষেপ হলো, বিশেষজ্ঞ পর্যায়ে মতবিনিময় সভা, খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক, খাদ্য অধিকার আইনের খসড়া তৈরি, আইন কমিশনের সঙ্গে খসড়া আইন নিয়ে বৈঠক ও তা চূড়ান্তকরণ, জাতীয় পরামর্শ সভা থেকে ওই আইনের অনুমোদন এবং সরকারের কাছে আনুষ্ঠানিক উপস্থাপন। স্বাধীনতার ৪২ বছরেও সংবিধানে খাদ্য প্রয়োজনকে মৌলিক চাহিদার বদলে মৌলিক অধিকারে কেন পরিবর্তন করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন মিজানুর রহমান। তিনি সব রাজনৈতিক দল ও রাজনীতিবিদকে ‘নাগরিকের খাদ্য অধিকারে’ একমত হওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দারিদ্র্যবিরোধী মঞ্চের আহ্বায়ক মহসিন আলী। তিনি সভা সঞ্চালনাও করেন। এতে বক্তব্য দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক শামসুল আলম, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের বিভু রঞ্জন সরকার, গভর্নেন্স কোয়ালিশনের প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।