হেফাজতে ইসলামকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ
শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করায় হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল মহাসমাবেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। তবে হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোনো যৌক্তিকতা নেই বলে জানান মন্ত্রী। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সচিবালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হেফাজতে ইসলামের দাবি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার তাদের দাবি বিবেচনা করবে। তিনি বলেন, বাংলাদেশে সবার মতপ্রকাশের অধিকার রয়েছে। রাজধানীর মহাখালীতে ঘাতক-দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের কাছে খবর রয়েছে যে জামায়াত-শিবির ওই হামলা চালিয়েছে। সমাবেশস্থলে যাঁরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন, তাঁদেরকে ধৈর্যের সঙ্গে দায়িত্বপালন করার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সে জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান। নারী সাংবাদিকের ওপর হেফাজতে ইসলামের হামলার ঘটনারও নিন্দা জানান মন্ত্রী। দুপুরে হেফাজতে ইসলামের সমাবেশ, সমাবেশকে কেন্দ্র করে ২৩ সংগঠনের ডাকা হরতাল ও গণজাগরণ মঞ্চের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে বৈঠকটি হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী মুজিবুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।