হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ দেশের সব মসজিদ থেকে আজ জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে ৯ মার্চ এ কর্মসূচি ঘোষণা করা হয়।হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহি প্রথম আলোকে জানান, ‘ঘোষিত কর্মসূচি বহাল আছে। সব মসজিদ থেকে ইমানদার মুসল্লিরা মিছিল বের করে নাস্তিকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবেন। ’গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম আজ জুমার নামাজের খুতবায় শানে রিসালাতের ওপর আলোচনা করার জন্য সারা দেশের মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে।এদিকে ঢাকায় কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক একাধিক দলের নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকায় হেফাজতে ইসলামের কোনো সমন্বয় কমিটি গঠন করা হয়নি। এ কারণে আজ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার কোনো পরিকল্পনা নেই দলগুলোর। তবে হেফাজতে ইসলামের কর্মসূচির সমর্থনে ঢাকায় ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলোর নিজ নিজ এলাকার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে। ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব আহলুল্লাহ ওয়াসেল প্রথম আলোকে বলেন, তাঁরা লালবাগ শাহি মসজিদ থেকে জুমার নামাজের পর মিছিল বের করবেন। আর কামরাঙ্গীরচর মাদ্রাসার মসজিদ থেকে মিছিল করার কথা জানিয়েছেন খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম। তবে ইসলামী আন্দোলনের আজ কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব ইউনূস আহমাদ।৯ মার্চ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে সারা দেশের কওমি ধারার কয়েক হাজার আলেম হাটহাজারী মাদ্রাসায় মিলিত হন। কথিত নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করে তাঁদের শাস্তির দাবিতে ওই দিনের সভা শেষে দেশব্যাপী কিছু ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে আজকের বিক্ষোভ মিছিল ছাড়াও ২২ মার্চ শুক্রবার সব মসজিদ চত্বরে এক ঘণ্টা অবস্থান করে রাসুলের (সা.) মহত্ত্ব নিয়ে আলোচনা, ২৫ মার্চ উপজেলা পরিষদ ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি। এ সময়ের মধ্যে সরকার দাবি না মানলে আগামী ৬ এপ্রিল সব জেলা থেকে লংমার্চ করে ‘ঢাকা ঘেরাও’ কর্মসূচি দেওয়া হয়েছে।গণজাগরণ মঞ্চের সঙ্গে আলোচনা নয়: এদিকে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছে হেফাজতে ইসলাম। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রিয় নবীজির (সা.) শানে যারা বেয়াদবি করেছে, তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনায় জড়িত ব্লগারদের প্রকাশ্যে তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সংগঠনের নেতারা দাবি করেন, ১৮ দলীয় জোট বা জামায়াত-শিবিরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি। উপস্থিত ছিলেন শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, শামসুল আলম, তাজুল ইসলাম, আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ। এদিকে গতকাল রাতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ বাবু বলেন, ‘আমাদের দাবি হলো, বর্তমানে যে ব্লগাররা আছে, যারা রাসুল (সা.)-এর অবমাননাকারী, ইসলামের বিদ্বেষী, নাস্তিক্যবাদী, তাদের শাস্তি হওয়া উচিত। সরকার যেন তাদের উচিত শাস্তি দেয়।’ আপনি যেসব ব্লগারের বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা অসলে কী লিখেছে, আপনি কি একটা বলতে পারবেন? আপনি নিজে তা পড়েছেন? বিবিসির এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, পড়ি নাই। না পড়লেও সমস্যা নাই, আমার যারা কর্মী আছে, কর্মীদের আমরা দায়িত্ব দিছি। তারা পড়েছে। তারা আমাদের শুনাইছে। তারা তো সেইগুলা আমাদের সামনে নিয়া আসছে। ’সেই সব ব্লগারের উচিত শাস্তিটি কী—বিবিসির এই প্রশ্নের উত্তরে মাওলানা জুনায়েদ বাবু বলেন, ‘আমাদের দাবি হলো উচিত শাস্তি দিতে হবে, তারা যেন এই সমস্ত কাজ আর না করে।’যদি দাবি না মানা হয়, তাহলে আপনারা কী করবেন? এর জবাবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা এইভাবে আন্দোলন বহাল রাখব।’