হেফাজতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম আসলে ইসলাম নয়, জামায়াতে ইসলামীর হেফাজত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয় ঐক্যপরিষদ।আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঐক্যপরিষদের এক সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ করা হয়।পরিষদের সভাপতি মো. ইসমাইল হোসেন বলেন, দেশে যখন যুদ্ধাপরাধের বিচার চলছে, তখন সেই বিচার নস্যাত্ করার ষড়যন্ত্র হিসেবে ইসলামকে ব্যবহার করা হচ্ছে। হঠাত্ করে হেফাজতে ইসলাম নামের সংগঠনের উদয় হয়েছে। তারা ইসলামের নামে দেশ ও নতুন প্রজন্মকে মুরতাদ বলছে। ওরা আসলে ইসলাম নয়, জামায়াতে ইসলামীর হেফাজতের কাজে লিপ্ত।হেফাজতে ইসলামকে জামায়াতে ইসলামীর উল্টা পিঠ আখ্যা দিয়ে ইসমাইল হোসেন বলেন, জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে দলটি। নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।ইমাম ওলামা সমন্বয় ঐক্যপরিষদের সভাপতি বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহম্মদ শফী একজন ভালো মানুষ। এ সুযোগ নিয়ে রাজাকারেরা তাঁদের ভুল পথে পরিচালিত করছে। তিনি শফীকে রাজাকারদের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান।ইসলামবিদ্বেষী ব্লগারদের অপতত্পরতা বন্ধ এবং তাদের গ্রেপ্তার করতে ৯ মার্চ দাবি জানায় হেফাজতে ইসলাম। এ দাবিতে কওমি মাদ্রাসাভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনসহ আলেম-ওলামাদের সমন্বয়ে গঠিত সংগঠনটি আগামী ৬ এপ্রিল সব জেলা থেকে ঢাকামুখী লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। লংমার্চে বাধা দেওয়া হলে পরদিন থেকে লাগাতার হরতালেরও হুমকি দেওয়া হয়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার (দারুল উলুম মঈনুল ইসলাম) মিলনায়তনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে লংমার্চসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহম্মদ শফী।