হেফাজতে ইসলামের লংমার্চে শামীম ওসমানের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান হেফাজতে ইসলামের লংমার্চের কর্মসূচিতে সমর্থন দিয়েছেন। গতকাল বুধবার রাতে হেফাজতে ইসলামের জেলা নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি ওই সমর্থন দেন।শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ার নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত বাগ-ই-জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর অনুষ্ঠিত বৈঠকে হেফাজতে ইসলামের নেতা ও নারায়ণগঞ্জের ১৪টি মসজিদের ইমাম ও দুটি মাদ্রাসার চার শতাধিক ছাত্র অংশ নেন। শামীম ওসমানের পক্ষ থেকে মসজিদে ৫০০ লোকের নৈশভোজের আয়োজন করা হয়। তবে বৈঠকে সাংবাদিক, গোয়েন্দা সংস্থার লোকজনকে ঢুকতে দেননি শামীম ওসমানের সমর্থকেরা।কিন্তু বৈঠকে অংশগ্রহণকারীরা শামীম ওসমানের বক্তব্য রেকর্ড করেছেন। ওই রেকর্ড অনুযায়ী, শামীম ওসমান সমবেত লোকজনের উদ্দেশে বলেন, ‘আমি আল্লাহ, রাসুল (সা.)-এ বিশ্বাসী মানুষ। তাই আপনাদের লংমার্চে আমার সমর্থন রয়েছে। তবে লংমার্চ যাতে শান্তিপূর্ণ হয় সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন।’এ ব্যাপারে আজ বৃহস্পতিবার রাতে শামীম ওসমানের বক্তব্য জানতে চাইলে তিনি ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন’ জানিয়ে ফোন রেখে দেন। তবে আগামী শনিবারের লংমার্চে শামীম ওসমানের সমর্থনের বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা আবদুল আউয়াল। শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার রেলওয়ে জামে মসজিদের খতিব ও নারায়ণগঞ্জের প্রভাবশালী এই ধর্মীয় নেতা বলেন, ‘শামীম ওসমানের ফোন পেয়ে দাওয়াতে বাগ-ই-জান্নাত মসজিদে গিয়েছিলাম। সেখানে সবাইকে আমি চিনিও না। তিনি আমাদের ডাকা লংমার্চের কর্মসূচিতে পূর্ণ সমর্থন দিয়েছেন।’বৈঠকে অংশ নেওয়া নগরের ফকিরটোলা মসজিদের ইমাম মুফতি মীর মোহাম্মদ সিরাজুল ইসলাম দুপুরে সাংবাদিকদের বলেন, বৈঠকে শামীম ওসমান হেফাজতে ইসলামের লংমার্চ সমর্থন করে বক্তব্য দেন। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জে বিপজ্জনক জায়গা ছিল শহরের টানবাজার পতিতা পল্লি। আমি আপনাদের সহযোগিতায় এটি উচ্ছেদ করেছি।’ তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনারা আমার ও আমার ভাইদের জন্য দোয়া করবেন।’