হেফাজতের অবরোধ প্রত্যাহারের আহ্বান সাংস্কৃতিক জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার হেফাজতে ইসলামের ডাকা ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। একই সঙ্গে হেফাজতে ইসলামের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তাঁরা। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা। ‘হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। এ সময় সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, হেফাজতে ইসলামের দাবি সংবিধানের পরিপন্থী। দেশে একটি অস্থির পরিবেশ সৃষ্টির জন্য তারা উদ্দেশ্যমূলক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তিনি বলেন, সরকারসহ বিভিন্ন মহলের দাবি উপেক্ষা করে হেফাজতে ইসলাম যদি অবরোধ কর্মসূচি পালন করে এবং অবরোধ চলাকালে জানমালের কোনো ক্ষতি হয়, তার দায়দায়িত্ব তাদেরই বহন করতে হবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, অবরোধ প্রত্যাহারের যে দাবি করা হচ্ছে, এর মধ্য দিয়েই হেফাজতের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, হেফাজতকে চিরকালের জন্য তাঁরা নির্মূল করতে চান। আগামী দিনে সে ধরনের একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।আয়োজক সংগঠনের সহসভাপতি গোলাম কুদ্দুস বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করতে হেফাজত যে তত্পরতা চালিয়ে যাচ্ছে, তা বন্ধে তাত্ক্ষণিক কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।সাভারে ভবনধসে শত শত শ্রমিকের মৃত্যুর ঘটনাকে ‘ভয়ংকর নিষ্ঠুর মানবিক অপরাধ’ উল্লেখ করে বক্তারা বলেন, প্রচলিত আইনে বা বিশেষ বিবেচনায় ভিন্ন কোনো আইনে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাঁরা আরও বলেন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সাভারে ভবনধস ও শত শত শ্রমিকের মৃত্যুর ঘটনাকে এরই মধ্যে পরিকল্পিতভাবে সুচিন্তিত হত্যাকাণ্ড বলেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।