হেফাজতের করা ক্ষতি মেরামতে ৩ কোটি টাকা বরাদ্দ: আশরাফ
গত ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামের কর্মসূচির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষয়ক্ষতি মেরামতের জন্য তিন কোটি ৩৩ লাখ সাত হাজার টাকা বরাদ্দ প্রাক্কলন করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিল উত্থাপিত হয়। হেফাজতের কর্মসূচিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সাধনা হালদারের প্রশ্নের জবাবে আশরাফ জানান, গত ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে বিজয়নগর, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ছোট, বড় ও মাঝারি আকারের এক হাজার ২৫৫টি গাছ কাটা হয়েছে। এ ছাড়া তিন হাজার মিটার ফুটপাত, দুই হাজার ৮০০ মিটার কার্বস্টোন, এক হাজার ৫৫ বর্গমিটার গ্রিল, দুই হাজার ৪৩৯ বর্গমিটার কাঁটাতারের বেড়া, তিন হাজার ৫৪০ বর্গমিটার রাস্তা, আটটি ট্রাফিক সিগন্যাল এবং বৈদ্যুতিক স্থাপনার ক্ষতিসাধন করা হয়েছে। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, সম্প্রতি কিছু মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে অবৈধ কার্যক্রমের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নতুন করে কোনো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিকে নিবন্ধন দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাসানুল হক ইনু জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদিত মোট পদের সংখ্যা ৮৩৭টি। এর মধ্যে ৩৮৭টি পদ শূন্য রয়েছে। স্বল্প পরিসরের সাধারণ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের পরিচালনায় নির্বাচন করা হচ্ছে। তবে যে নির্বাচনে বিপুলসংখ্যক জনবল প্রয়োজন হয়, সেখানে শুধু নির্বাচন কমিশনের জনবল দিয়ে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। এ জন্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নির্বাচনের কাজে নিয়োজিত করা হয়। মোস্তফা জালাল মহিউদ্দিনের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু জানান, ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১০৪ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ১৯৮ টাকা ব্যয় হয়েছে। তহুরা আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্রের জালিয়াতি রোধে উন্নতমানের পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা সরকারের আছে। এ জন্য নির্বাচন কমিশন পাঁচ বছর মেয়াদি আইডেন্টিফিকেশন সিস্টেমস ফর এনহ্যান্সিং সার্ভিসেস প্রকল্প গ্রহণ করেছে।