ঢাকায় গত রোববার হেফাজতে ইসলামের অবরোধ ও বিক্ষোভ এবং তাদের হটিয়ে দিতে রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে হতাহতের খবর ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। তাদের খবরে বলা হয়, আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা দিনে দিনে বাড়ছে।ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর গত চার দশকের অন্যতম ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে ঢাকায়। এতে গতকাল সোমবার পর্যন্ত ৩৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।এএফপির খবরে আরও বলা হয়, ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে ঢাকায় জড়ো হয়েছিলেন প্রায় ৭০ হাজার মানুষ। তাঁদের হটিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করে। এই সহিংসতার কারণে মতিঝিল এলাকার ব্যাংক, বিমা ও ব্যবসাপ্রতিষ্ঠানের শত শত কর্মী রোববার নিজ নিজ অফিসে রাত কাটাতে বাধ্য হন।বিক্ষোভ-সহিংসতার খবর দিয়ে যুক্তরাষ্ট্রের সিএনএন গতকাল এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে যা ঘটছে, তা দুই পক্ষের মধ্যে রশি-টানাটানি। ভবিষ্যতে দেশ কোন পথে এগোবে, তা নির্ধারণ করতেই এই অবস্থা।যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান লিখেছে, ব্লাসফেমি আইনের দাবিতে আন্দোলনরত কট্টরপন্থী মুসলমানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ঢাকায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, রোববার বিক্ষোভকারীদের কর্মকাণ্ড ছিল ব্যাপক ধ্বংসাত্মক। শক্তি প্রয়োগ ছাড়া নিরাপত্তা বাহিনীর আর কিছু করার ছিল না। সহিংসতায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ঢাকায় ইসলামি মৌলবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটিতে রাজনৈতিক সহিংসতা বাড়ছে। রোববারের ঘটনা তার সর্বশেষ দৃষ্টান্ত।রবি ও সোমবারের বিক্ষোভ-সহিংসতা এবং হতাহতের খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশে আগামী জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে প্রধান দুটি রাজনৈতিক দলের আদর্শগত অবস্থান এবং আস্থাহীনতার কারণে দেশটি একটি সহিংসতার আবর্তে নিমজ্জিত হতে পারে।কাতারভিত্তিক আল-জাজিরার খবরে বলা হয়, রোববার হেফাজতের বিক্ষোভ কর্মসূচি নির্ধারিত সময়ের পরও অব্যাহত থাকায় এবং বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠায় নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালায়। এর আগে বিক্ষোভকারীরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভবনে অগ্নিসংযোগ করেন এবং ভাঙচুর চালান। রোববার ঢাকায় সহিংসতায় নিহত হন কমপক্ষে ১৪ জন।ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, কঠোর ব্লাসফেমি আইন প্রণয়নসহ ১৩ দফা দাবিতে আন্দোলনরত ইসলামপন্থীদের সঙ্গে রোববার নিরাপত্তা বাহিনীর সংঘাতে কমপক্ষে ১৪ জন নিহত হন। এরপর সোমবার রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।ভারতের এনডিটিভির খবরে বলা হয়, রোববার ঢাকায় হাজার হাজার ধর্মীয় কট্টরপন্থীর বিক্ষোভ ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় সহিংসতায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর গতকাল ইসলামপন্থীদের একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।