হেফাজতের এবারের কর্মসূচি কাজে লাগিয়ে সরকারকে বড় ধরনের চাপে ফেলতে চায় বিএনপি। এ জন্য আগামী ৪ মে ঢাকায় সমাবেশে বড় আকারের জমায়েত করার পরিকল্পনা ১৮ দলের।এর পরদিন রয়েছে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি। বিএনপির সূত্রে জানা গেছে, সমাবেশে আসা নেতা-কর্মীদের একটি অংশ হেফাজতের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ঢাকায় রাখার পরিকল্পনা রয়েছে। সূত্র জানায়, প্রথমে ১০ এপ্রিল ঢাকায় একটি বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। পরে তা পিছিয়ে ২৯ এপ্রিল করা হয়। তবে এসব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ওই সময় গণমাধ্যমে জানানো হয়নি। সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলের বৈঠকে ৪ মে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, হেফাজতে ইসলামের কর্মসূচির সঙ্গে মিল রেখেই এই সমাবেশ পিছিয়ে ৪ মে করা হয়।এর আগে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশের সঙ্গে একাত্মতা জানিয়েছিল প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপির নেতা-কর্মীরা সরাসরি সমাবেশে অংশ নেন। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা হেফাজতের মঞ্চে গিয়ে একাত্মতা জানান। বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করেছিল বিএনপি। ওই সময় বিএনপি চেয়েছিল ঢাকায় আসা হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা অন্তত দুই দিন ঢাকায় অবস্থান করুন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।সূত্র জানায়, হেফাজতে ইসলামের এবারের কর্মসূচি কাজে লাগিয়ে সরকারকে বড় ধরনের চাপে ফেলতে চায় বিএনপি। এ জন্য ঢাকার বাইরে থেকে যাঁরা সমাবেশে আসবেন, তাঁদের অনেককে ঢাকায় রাখা হতে পারে। এ জন্যই হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের আগের দিন বিকেলে খালেদা জিয়ার সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেছেন, হেফাজতে ইসলামের কর্মসূচির সঙ্গে বিএনপি বা ১৮ দলের কর্মসূচির কোনো সম্পর্ক নেই। দুটি দুই ধরনের কর্মসূচি। ১৮ দলের সমাবেশ ৪ তারিখ বিকেলেই শেষ হয়ে যাবে। আর হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি পরদিন।তবে বিএনপির স্থায়ী কমিটির অপর এক সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। হেফাজতে ইসলামের আন্দোলনও অনেকটা সরকারের বিরুদ্ধে। বিএনপির সঙ্গে হেফাজতে ইসলামের এক ধরনের যোগাযোগ আছে। বিএনপি ও হেফাজতের কর্মসূচি পাশাপাশি। এর বেশি আর কী বলব।’বিএনপি প্রকাশ্যে সমাবেশের কথা বললেও তারা চায় এটাকে মহাসমাবেশে রূপান্তরিত করতে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে শেষ পর্যন্ত জমায়েত কতটুকু বড় করা যাবে, তা নিয়েও সংশয় আছে। বিএনপির নেতারা ধরেই নিয়েছেন, ২ তারিখের হরতাল, বিএনপির সমাবেশ ও হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি মিলিয়ে ঢাকায় জমায়েতে সরকারের বাধার সম্মুখীন হতে হবে। এ জন্য কিছুটা কৌশলী হচ্ছেন তাঁরা। সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সোমবার বিএনপি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা করেছে। এতে জেলার নেতাদের ‘সর্বোচ্চ’ জমায়েত নিশ্চিত করতে বলা হয়। বিশেষ করে ঢাকা ও এর পাশের জেলাগুলোকে সর্বশক্তি নিয়ে আসতে বলা হয়। এ সময় কয়েকজন জেলা-নেতা বলেন, ২ তারিখ হরতাল রয়েছে। ৪ তারিখ সমাবেশ, ৫ তারিখ হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ। এ অবস্থায় সমাবেশের এক দিন আগে গাড়ি পাওয়া কঠিন হবে।সূত্র জানায়, ঢাকার বাইরের নেতা-কর্মীদের একটি অংশকে সমাবেশের কয়েক দিন আগেই ঢাকায় চলে আসতে বলা হয়েছে। তা ছাড়া ঢাকার আশপাশের জেলার নেতা-কর্মীদের একটি অংশকে সমাবেশের অন্তত এক দিন আগে ঢাকায় এসে সমাবেশ ‘হাঁটা দূরত্বের মধ্যে’ থাকার পরামর্শ দেয়া হয়েছে।সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমাবেশের প্রস্তুতি ভালো। সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি সভা হচ্ছে। প্রায় এক বছর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় সমাবেশ করবেন, তাতে লোকসমাগম হবেই। তিনি বলেন, মূলত ঢাকাকেন্দ্রিক এ সমাবেশ। তবে ঢাকার বাইরের জেলাগুলো থেকে নেতা-কর্মীরা চাইলে আসতে পারেন।