হেফাজতের কর্মসূচি: পুলিশের সঙ্গে মাঠে থাকবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে রাজধানীর সব ওয়ার্ড, থানা ও প্রবেশমুখে পুলিশের সহায়ক হিসেবে থাকবেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নগরের সব কটি ওয়ার্ড, থানা ও প্রবেশমুখে তাঁদের থাকতে নির্দেশ দেওয়া হয়। বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী রাজধানীর সব আসনের সাংসদ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশ দেন।মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল রাজধানীর প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ী, সদরঘাট, মহাখালী ও কমলাপুর এলাকায় সকাল থেকেই অবস্থান নেবেন ১৪ দলের নেতা-কর্মীরা। জনগণের জানমাল রক্ষায় পুলিশের সহায়ক হিসেবে কাজ করবেন তাঁরা। এদিকে, ১৪ দলের পাশাপাশি তাদের সঙ্গে থাকবে আওয়ামী লীগের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘হেফাজতের ব্যানারে কোনো জঙ্গিগোষ্ঠী যদি জনগণের জীবনযাত্রা ব্যাহত করে এবং তাদের জানমালের ক্ষতি করে, তাহলে তাদের প্রতিহত করা হবে।’ রাজধানীর প্রবেশমুখগুলোতে কি আপনারা অবস্থান নেবেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সব কটি দলীয় ইউনিটকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজধানীর প্রবেশমুখেই নয়, রাজধানীর সব জায়গায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে অবস্থান নেবেন।’ তবে আলাদাভাবে কোনো প্রস্তুতি নেয়নি আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ। দলটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘হেফাজতকে ঠেকাতে আমরা আলাদা কোনো প্রস্তুতি নেইনি। তবে আমরা সতর্ক অবস্থানে থাকব।’ জানা গেছে, বিরোধী দলের হরতাল বা অবরোধের কর্মসূচির মতোই হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও এর পাশের এলাকায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করবে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ব্যানারে ২২টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।