হেফাজতের কর্মসূচিতে ঢুকে জামায়াত তাণ্ডব চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, জামায়াত ও দুষ্কৃতকারী কিছু কর্মী হেফাজতে ইসলামের কর্মসূচিতে ঢুকে রাজধানীর বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। তারা যে কাজটি করছে, তা অনভিপ্রেত বলে মন্তব্য করেন মন্ত্রী।আজ রোববার সচিবালয়ে মন্ত্রী সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানান।এসব ঘটনার পরও হেফাজতে ইসলামকে সমাবেশ করতে দেওয়া হবে কি না, জানতে চাইলে মহীউদ্দীন খান বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার শর্তে হেফাজতে ইসলামকে ছয়টি স্থানে অবরোধ ও শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু উচ্ছৃঙ্খল কিছু কর্মী এসব তাণ্ডব চালাচ্ছে, হেফাজতে ইসলাম নয়, তাই তাদের সমাবেশ হবে। পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তাদের কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হবে।হেফাজতকে রাজধানীতে কেন ঢোকার অনুমতি দেওয়া হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সংবিধান ও আইনে বিশ্বাসী।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিকেলে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হলে সর্বোচ্চ শক্তি ও কৌশল প্রয়োগ করা হবে।