হেফাজতের কর্মসূচিতে নাগরিক অধিকার রক্ষা কমিটির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লংমার্চ ও সমাবেশ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে সদ্যগঠিত নাগরিক অধিকার রক্ষা কমিটি। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক কবি ও লেখক ফরহাদ মজহার এই সমর্থনের কথা জানান। তবে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতি তাঁদের কোনো সমর্থন আছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। লিখিত বক্তব্যে ফরহাদ মজহার বলেন, ‘এই কর্মসূচি নির্বিঘ্নে পালন বাংলাদেশের নাগরিকদের মানবিক ও সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত।’ ফরহাদ মজহার বলেন, ‘হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মানুষসহ জনগণের ঢাকামুখী কাফেলা ও রাজধানীর সমাবেশকে সফল করে তুলুন। এই কাফেলার পাশে দাঁড়ান। যাত্রা পথে তাঁদের এগিয়ে দিন। সামর্থ্য অনুযায়ী খাবার ও পানি সরবরাহ করুন।’ যাত্রাপথ বাধাহীন ও নির্বিঘ্ন করতে সরকারের প্রতি দাবি জানিয়ে ফরহাদ মজহার বলেন, ‘এই মুসাফিরদের থাকা, খাওয়া ও পানি খরচের উপযুক্ত ব্যবস্থা করুন।’ফরহাদ মজহার সতর্ক করে বলেন, কর্মসূচিতে কোনো ধরনের সংঘাত ও বা অশান্তি সৃষ্টি হলে শেখ হাসিনার সরকারকে দায় বহন করতে হবে। সংবাদ সম্মেলনের শুরুতে বিএফইউজের একাংশের মহাসচিব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বক্তব্য দেন। ‘সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের লক্ষ্যে’ গত রোববার নাগরিক অধিকার রক্ষাবিষয়ক জাতীয় কমিটি গঠন করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। জাতীয় প্রেসক্লাবের মাঠে বুদ্ধিজীবী, পেশাজীবী, লেখক ও শিল্পীদের এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ আয়োজিত ওই সভার বক্তাদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস’ নামের এই কমিটির আহ্বায়ক করা হয় কবি ও লেখক ফরহাদ মজহারকে। ওই দিন তিনি বলেন, ‘কোনো দলের দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে এখানে আসিনি। এটা আমার দায়িত্ব নয়। আগামী দিনে অন্য কারও নাগরিক অধিকার ভূলুণ্ঠিত হলে তাদের পক্ষেও দাঁড়াব।’