হেফাজতের কর্মসূচিতে সমস্যা হলে দায় সরকারের: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের সমস্যা তৈরি হলে এর জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী থাকবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১০ এপ্রিল নয়াপল্টনে বিএনপির সমাবেশকে সামনে রেখে সহযোগী ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রীর কথায় প্রমাণ হয়, তাঁরা গোলযোগ তৈরি করার ক্ষেত্র তৈরি করে রেখেছেন। পরিকল্পনা করে রেখেছেন কীভাবে গোলযোগ তৈরি করবেন এবং এর দায় বিরোধী দলের ওপর চাপাবেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হেফাজতে ইসলামের কর্মসূচিতে গোলযোগ হলে দায়ভার খালেদা জিয়াকে নিতে হবে। কী চমত্কার! বুঝা যায়, আগে থেকেই পরিকল্পনা করে নিয়েছেন, কীভাবে গোলযোগ করবেন এবং দায় চাপাবেন।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘সরকারের মদদপুষ্ট কিছু সংগঠন পাল্টা হরতাল ডেকেছে এবং কিছু পরিবহন মালিক সংগঠন পরিবহন বন্ধ করে দিচ্ছে। সবচেয়ে মারাত্মক হলো, আওয়ামী লীগ বলছে, তারা মাঠে থাকবে। অর্থাত্ তারা এটাকে বাধা দিতে চাইছে।’মির্জা ফখরুল বলেন, ‘সরকার শান্তিপূর্ণ অরাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ হতে দেবে না। তাদের এই মানসিকতার তীব্র নিন্দা জানাই।’নয়াপল্টনের সমাবেশ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, নয়াপল্টনে সমাবেশ এবং মাইক ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো কিছু জানা যায়নি। ফখরুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। আশা করি সরকার সহযোগিতা করবে। না হলে এর দায়ভার সরকারকে বহন করতে হবে।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।