হেফাজতের কর্মীদের ফিতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
সাভারের উদ্ধারকাজে অংশ নেওয়া হেফাজতে ইসলামের কর্মীদের ব্যানার ও মাথায় বাঁধা পরিচিতি ফিতা পুলিশ খুলে নিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওই সংগঠনের নেতারা এ অভিযোগ করেন।হেফাজতের নেতারা বলেন, একজন সামরিক মুখপাত্র বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, উদ্ধারকাজে আওয়ামী লীগ, যুবলীগ ও গণজাগরণের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। অথচ হেফাজতের নেতা-কর্মীরা ঘটনার দিন থেকে আজ পর্যন্ত উদ্ধারকাজে অংশ নেন, রক্ত দেন, আহত ব্যক্তিদের খোঁজ খবর নেন ও আর্থিক সহায়তা দেন।হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, সামরিক মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর নিজের কথা নয়, সরকার তাঁকে এ কথা বলতে বাধ্য করেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তাঁরা।সরকারদলীয় স্থানীয় সাংসদ মুরাদ জংয়ের নির্দেশে পুলিশ হেফাজতের ব্যানার ও কর্মীদের পরিচিতি ফিতা খুলে নেয় বলে অভিযোগ করেন নেতারা। এ মানবিক বিপর্যয়ে যার যা কিছু আছে, তা নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।হেফাজতে ইসলামের নেতারা অভিযোগ করেন, উদ্ধারকাজে সামরিক বাহিনী, র্যাব, বিজিবিসহ সরকারের দায়িত্বশীল বাহিনীগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। এখন পর্যন্ত উদ্ধার তত্পরতায় চরম ধীরগতি চলছে। মূল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন স্থানীয় মানুষ, ছাত্র ও সাধারণ জনতা।ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।আগামী ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি প্রসঙ্গে তাঁরা বলেন, এ কর্মসূচি বানচাল করতে সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের অপতত্পরতা ও বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে। ৫ তারিখের আগে দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটার আশঙ্কা প্রকাশ করেন মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাশেমী। উপস্থিত ছিলেন মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী, আবদুল লতিফ নেজামী, সদস্য সচিব জুনাইদ আল হাবিব প্রমুখ।