হেফাজতের চেয়েও বেশি গাড়ি ভাড়া করেছে জামায়াত: ওলামা পরিষদ
জামায়াত-শিবিরের পরিকল্পনা অনুযায়ী হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী লংমার্চ কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইমাম-ওলামা কল্যাণ পরিষদ। আগামীকালের লংমার্চ প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি।আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ইমাম-ওলামা কল্যাণ পরিষদ।হেফাজতে ইসলামের লংমার্চ প্রত্যাহারের আহ্বান, নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত এবং জামায়াত-শিবিরের তাণ্ডব ও নৈরাজ্য বন্ধের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম মিঞা।সংবাদ সম্মেলনে মাওলানা জহিরুল ইসলাম মিঞা দাবি করেন, কেউ কেউ মহানবী (সা.) ও ইসলাম সম্পর্কে কটূক্তি করায় এবং সেটা ব্যাপক প্রচার পাওয়ায় দেশের আলেম সমাজ ফুঁসে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল ঢাকা অভিমুখে লংমার্চ ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।জহিরুল ইসলাম মিঞা বলেন, জামায়াত-শিবিরের পরিকল্পনা অনুযায়ী শাহ আহমদ শফী এই লংমার্চ কর্মসূচি বাস্তবায়ন করছেন।তিনি আরও বলেন, ‘প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিটি জেলায় কওমি আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্রদের ঢাকা আসার জন্য যে কয়টা গাড়ি ভাড়া করা হয়েছে, তার চেয়ে অধিকসংখ্যক গাড়ি ভাড়া করেছে জামায়াত-শিবির।’ আগামীকালের লংমার্চ আন্দোলনকে জামায়াতের রাজনৈতিক কর্মসূচি উল্লেখ করে তিনি তা প্রত্যাহারের আহ্বান জানান।সম্প্রতি সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের নিন্দা জানিয়ে জহিরুল ইসলাম বলেন, ‘এ দেশের মানুষের প্রাণের দাবি জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিচার করা। আর এই বিচার আইনি-প্রক্রিয়ায় তার নিজস্ব গতিতে চলছে। বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত-শিবির সারা দেশে তাণ্ডব চালানো শুরু করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’