ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশের দিনে তাণ্ডবে ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৫৫০ টাকার ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের। গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। সন্ধ্যা সোয়া সাতটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর উত্থাপিত হয়। অর্থমন্ত্রী জানান, গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে চলা তাণ্ডবে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ১৮ কোটি ১৭ লাখ টাকা, সোনালী ব্যাংকের তিন লাখ ৪৩ হাজার ২৫০ টাকা, জনতা ব্যাংকের পাঁচ কোটি ১০ লাখ টাকা, অগ্রণী ব্যাংকের পাঁচ লাখ ৬৮ হাজার টাকা, রূপালী ব্যাংকের আট লাখ টাকা, কৃষি ব্যাংকের দুই লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের দুই লাখ ৫৬ হাজার টাকা, বেসিক ব্যাংকের ৫০ হাজার টাকা, জীবন বীমা করপোরেশনের দুই লাখ ৫০ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৩০ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের এক লাখ ৩৬ হাজার টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের দুই লাখ তিন হাজার ৮০৯ টাকার সম্পদহানি হয়েছে। ওই ঘটনায় একইভাবে ইস্টার্ন ব্যাংকের চার লাখ ৭৯ হাজার ৪৯০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের তিন লাখ ৭৫ হাজার টাকা, ডাচ্-বাংলা ব্যাংকের এক লাখ ৭০ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১৯ লাখ ৫৭ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৩৩ লাখ ৯০ হাজার ১২৬ কোটি টাকা, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ১০ হাজার টাকা, এবি ব্যাংকের ৬০ হাজার ৪৫০ টাকা, দি সিটি ব্যাংকের ৫৭ হাজার টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৪৪ হাজার ৪২৫ টাকা ও সোস্যাল ইসলামী ব্যাংকের ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।অর্থমন্ত্রী আরও জানান, তাণ্ডবের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাশেমী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ ৩৮ নেতা-কর্মী এবং জামায়াতে ইসলামীর অজ্ঞাতনামা নেতা-কর্মীসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সরকারি দলের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৩ সালের ৩১ মে পর্যন্ত প্রায় ২০ লাখ ৫৯ হাজার বৈধ টিআইএন পাওয়া গেছে। এর মধ্যে ১১ লাখ ৬৪ হাজার জন আয়কর রিটার্ন জমা দিয়েছেন।বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত চার বছরে জাহাজভাঙা শিল্প থেকে সরকারের কোষাগারে মূল্য সংযোজন কর হিসেবে ২০৫ কোটি ৭২ লাখ টাকা, শুল্ক বাবদ ৭৪০ কোটি টাকা এবং উৎসে কর বাবদ ২১২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।সরকারি দলের সাংসদ রহমত আলীর প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন জানান, এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচটি সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাকারদের শনাক্ত করা সম্ভব হয়নি।