হেফাজতের ধ্বংসযজ্ঞে নিঃস্ব অনেক ব্যবসায়ী
বায়তুল মোকাররমের ওভারব্রিজের ঠিক নিচে একটি পত্রিকা-ম্যাগাজিনের দোকান ছিল। হেফাজতে ইসলামের কর্মীরা রোববার সেখানে আগুন ধরিয়ে দেন। পুড়ে যাওয়া কাগজ থেকে গতকাল সোমবার দুপুরেও ধোঁয়া বের হচ্ছিল। ধ্বংসস্তূপের মধ্য থেকে একজন খুঁজে খুঁজে পয়সা বের করছিলেন। পুরো এলাকায় তখনো ছিল পোড়া গন্ধ।হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি সহিংসতায় রূপ নেওয়ায় বড় ক্ষতি হয়ে গেছে রাজধানীর একটি অংশের ব্যবসা-বাণিজ্যের। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে। জ্বলেছে ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি হয়ে গেছে কোটি কোটি টাকার সম্পদের। কয়েক ঘণ্টার ধ্বংসযজ্ঞে জ্বলেছে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ওই ভবনে থাকা জনতা ব্যাংকের শাখা, বায়তুল মোকাররমের পাশের জুয়েলারি মার্কেটের বেশ কয়েকটি দোকান। পল্টন থেকে মতিঝিল পর্যন্ত এলাকার কাচ দিয়ে ঘেরা বহুতল ভবনগুলোর বেশির ভাগেরই কাচ ভেঙেছেন হেফাজতের কর্মীরা। ক্ষতি হয়েছে স্টেডিয়াম মার্কেটের অসংখ্য দোকানের।বড় ক্ষতি হয়ে গেছে ফুটপাতের ব্যবসায়ীদের। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন পাঁচ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। এই ব্যবসায়ীদের বেশির ভাগেরই আয়ে তাঁদের পরিবার চলে। কিন্তু নতুন করে আর দোকান করার সম্বল নেই অধিকাংশেরই।নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়ীরা: বায়তুল মোকাররম জুয়েলারি মার্কেটের মেঘনা জুয়েলার্সের সামনেই চশমা বিক্রি করেন মো. ফুল মিঞা। তাঁর দোকান জ্বালিয়ে দেওয়া হয়। দোকানে চার লাখ টাকার মতো চশমা ছিল বলে দাবি তাঁর। ফুল মিঞা বলেন, ‘৪২ বছর ধরে এখানে চশমা বিক্রি করি। কোনো দিনও আমার দোকানের ক্ষতি হয় নাই।’ ফুল মিঞার এক মেয়ে ডিগ্রি আর আরেক মেয়ে দশম শ্রেণীতে পড়ে। বড় ছেলে কিছুই করে না। পুরো পরিবারই তাঁর আয়ে চলে। তিনি বলেন, ‘চশমা বিক্রি করে প্রতিদিন আমার ৪০০-৫০০ টাকা লাভ থাকত। এখন আমি কী করমু, কিছুই বুঝতাসি না।’ ফুটপাতের দোকান মালিকদের সমিতি মিতালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির হিসাবে, এখানে এমন দোকান আছে ২৩৮টি। ১৪-১৫টি ছাড়া সবগুলো দোকানই জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে ইলেকট্রনিকস পণ্য, কাপড়, ঘর সাজানোর জিনিস, নানা ধরনের গৃহস্থালি পণ্য, খেলনা, চশমাসহ নানা ধরনের জিনিস বিক্রি হয়।সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের দুটি দোকানের একটি জ্বালিয়ে দেওয়া হয়। তাঁর দাবি, প্রতিটি দোকানে অন্তত দুই লাখ টাকার পণ্য ছিল। সে হিসাবে, ফুটপাতের এই দোকানগুলো জ্বালিয়ে দেওয়ায় প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয়েছে। সমিতির আরেক সাবেক সভাপতি তমিজ উদ্দিনের ডায়েরির দোকানও পুড়ে গেছে। তাঁর দাবি, দোকানে পাঁচ লাখ টাকার ডায়েরি ছিল।বছর দশেক ধরে বায়তুল মোকাররমের সামনে তৈরি পোশাক (ট্রাউজার) বিক্রি করেন মো. ইউসুফ। আগুনে তাঁর আড়াই লাখ টাকার পণ্য পুড়ে গেছে। এই ট্রাউজারগুলোই ছিল তাঁর রুটি-রুজির একমাত্র উপায়। দুপুরে দোকানের ছাই পরিষ্কার করছিলেন তিনি। সব হারিয়ে ইউসুফ একটি কথাই বললেন, ‘জানি না এখন কীভাবে কী করব।’আরেক ব্যবসায়ী কবির খন্দকার বলেন, ‘বুধবার ৬০ হাজার টাকার ব্যাগ কিনা আনছিলাম। আগের ছিল আরও লাখ দেড়েক টাকার মাল। সব পুইড়া ছাই হইয়া গেছে।’চার বছর ধরে ব্যাগের ব্যবসা করেন গিয়াস উদ্দিন। তাঁর তিন লাখ টাকার ব্যাগ পুড়ে গেছে। বললেন, ‘সন্ধ্যায় আগুন লাগার খবর শুনেই আসতে চাইছিলাম। হেফাজতের কর্মীদের বাধার আসতে পারি নাই। ফায়ার সার্ভিসও আসতে পারে নাই। পরে যখন ফায়ার সার্ভিস আসছে, তার আগেই সব শেষ।’বায়তুল মোকাররম ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের দাবি, এই সমিতির ২৯৫ জন সদস্যের প্রায় ২০ কোটি টাকার পণ্য আগুনে পুড়ে গেছে। নিজেদের অর্থে নতুন করে ব্যবসা করার মতো ক্ষমতা তাঁদের আর নেই।এক বিবৃতিতে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী বলেন, হেফাজতে ইসলামের সহিংসতায় জিপিও-বায়তুল মোকাররমের সামনে, উত্তর ও দক্ষিণ গেট, পুরানা পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশার বিভিন্ন ফুটপাতের প্রায় তিন হাজার হকার সর্বস্বান্ত হয়েছেন। আগুনে পুড়ে এসব এলাকার ফুটপাতের দোকানের ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের নিচতলায় ফেমাস জুয়েলার্সের ক্ষতি হয়। এর স্বত্বাধিকারী আফসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার দোকানের সব সাজসজ্জা পুড়ে গেছে। সোনার গয়না কালো হয়ে গেছে। এতে প্রায় লাখ বিশেক টাকার ক্ষতি হয়েছে।’বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সদস্য নাসির উদ্দিন গাজী বলেন, আগুনে মার্কেটের দক্ষিণ পাশের ১৮টি এবং উত্তর পাশের ১০টি দোকানের সাজসজ্জা পুড়ে গেছে।মার্কেটের দোতলায় অবস্থিত বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যালয়ও পুড়ে গেছে। তবে তালা ভেঙে স্বর্ণালংকারের দোকানগুলোতে কেউ ঢুকতে পারেনি। আগুনে মার্কেটের দুই পাশের অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সমিতির সভাপতি দিলীপ রায় বলেন, স্বর্ণালংকারের দোকানগুলোতে সব মিলিয়ে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।পল্টন মোড় ও সিপিবির কার্যালয়ের সামনে পুরোনো বইয়ের দোকান ছিল ৩৫টি। এর মধ্যে তিনটি বাদে সব কটিই জ্বালিয়ে দেওয়া হয়েছে। দোকানমালিকদের দাবি, প্রতিটি দোকানে ৫০ হাজার থেকে এক লাখ টাকার বই ছিল। ধ্বংসযজ্ঞে ১৫ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।তালিকা চেয়েছে এফবিসিসিআই: দুপুর সাড়ে ১২টার এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বায়তুল মোকাররম মার্কেটে আসেন। তিনি মার্কেট সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন। পরে এফবিসিসিআইয়ের সভাপতি সাংবাদিকদের বলেন, ‘ফুটপাতের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কিছু করার চেষ্টা করব। মার্কেট কমিটির কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করতে বলেছি। সরকারকেও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসতে হবে।’পল্টন থেকে মতিঝিল: পল্টন থেকে মতিঝিল—পুরো রাস্তাজুড়েই চোখে পড়েছে হেফাজতের কর্মীদের ধ্বংসযজ্ঞের চিত্র। এর বড় সাক্ষী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির হিসাবে, সব মিলিয়ে ক্ষতি ১৮ কোটি ১৭ লাখ টাকা। এই ভবনের নিচে অবস্থিত জনতা ব্যাংকের ক্ষতি আরও পাঁচ কোটি টাকা। বায়তুল মোকাররম মসজিদের সামনে একটি বাসের কঙ্কাল ছিল দীর্ঘ সময় পর্যন্ত। আগুনে পুড়ে কেবল কাঠামোটাই বাকি ছিল বাসটির। বিকেল পর্যন্ত তা সরানো হয়নি। জিপিওতে নতুন স্থাপন করা একটি এটিএম বুথও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।দৈনিক বাংলা মোড়ে একটি স্ট্যাম্প বিক্রির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মতিঝিলে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের ভেতরেও ভাঙচুর করা হয়েছে। জনতা ব্যাংকের বিপরীত পাশে সিটি সেন্টারের কাচ ভেঙে ফেলা হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখা ও নিচে থাকা এটিএম বুথের কাচের দরজা পুরোটাই ভাঙা। ঘরোয়া হোটেলে পাশে বাংলালিংক সেলস অ্যান্ড কেয়ার সেন্টারের ভাঙা কাচ পড়ে থাকতে দেখা যায়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্যারেজে একটি পোড়া প্রাইভেট কার আর ১২টি ভাঙা গাড়ি পড়ে আছে। সেখানকার নিরাপত্তারক্ষী খলিলুর রহমান জানান, ভোর সাড়ে চারটার দিকে পালানোর সময় পেছনের দেয়াল টপকে হেফাজতের কর্মীরা এখানে ঢুকে পড়েন। তারপর নির্বিচারে গাড়ি ভাঙচুর করেন।গতকাল তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, শিল্প ব্যাংকের পাশে সরকারের পরিবহন পুলে রাখা ৪০টি বাসসহ বিভিন্ন স্থানে দুই শতাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রাথমিকভাবে সম্পদের ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে প্রায় পাঁচ কোটি টাকা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে শুক্রাবাদে একটি বাস, নয়টার দিকে ধানমন্ডিতে বাস, একই সময়ে দোলাইরপাড় মোড়ে একটি বাস, সাড়ে ১০টার দিকে ঢাকেশ্বরী মন্দিরের কাছে লেগুনা, ১১টার দিকে সাভারে যাত্রীবাহী বাস ও রাত ১২টার দিকে ধামরাইতে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া রাতে মিরপুর ২ নম্বরে ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে আগুন দেওয়া হয়।