হেফাজতের বাসভাড়ায় যুবলীগ নেতার সহযোগিতা
ফেনীতে আজ শুক্রবার হেফাজতে ইসলামের জন্য ছয়টি বাস ভাড়া করতে সহযোগিতা করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী ওরফে স্বপন।ফেনী থেকে হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের ওই ছয়টি বাস আজ দুপুরে মহিপাল টার্মিনাল থেকে ছেড়েছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকামুখী ৩৫-৪০টি বাস ও ১৫-১৬টি মাইক্রোবাস জেলার মহিপাল এলাকা পার হয়েছে।এ সময় স্থানীয় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গাড়িবহরের লোকজনকে খাবার পানি, বিস্কুট, পাউরুটি, কলা, জুস সরবরাহ করেন এবং স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে জেলার সোনাগাজীসহ বিভিন্ন এলাকার হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা ফেনীর মহিপাল বাস টার্মিনালে জড়ো হতে থাকেন। জুমার নামাজের আগ পর্যন্ত তাঁরা ঢাকায় যাওয়ার কোনো বাস পাননি। পরে জেলা যুবলীগ নেতা স্বপনের সহযোগিতায় তাঁরা ছয়টি বাস ভাড়া করতে সক্ষম হন। ঢাকায় লংমার্চে যাওয়ার জন্য কয়েক শ নেতা-কর্মী তখন মহিপালে অপেক্ষা করছিলেন। তাঁরা চট্টগ্রাম থেকে ঢাকাগামী নেতা-কর্মীদের স্লোগান দিয়ে স্বাগত জানান।জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মিয়াজী হেফাজতের নেতা-কর্মীদের বাসভাড়া করতে সহযোগিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব আছে। এখানে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং তাঁরা যাতে নিরিবিলি ঢাকা যেতে পারেন, সে জন্য কয়েকটি বাস ঠিক করে দেওয়া হয়েছে।’