হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা)। গতকাল শনিবার মতিঝিলে হেফাজতে ইসলামের মহসমাবেশে গিয়ে দল দুটির প্রতিনিধিরা সংহতি জানান। দল দুটি লংমার্চে আসা হেফাজতের কর্মী-সমর্থকদের খাবার ও পানি দিয়ে আপ্যায়নও করিয়েছে।গতকাল বেলা তিনটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি প্রতিনিধিদল হেফাজতের মঞ্চে গিয়ে সংহতি প্রকাশ করে। প্রতিনিধিদলের সদস্যরা হেফাজতের কয়েকজন নেতার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন। অল্প কিছুক্ষণ পর তাঁরা মঞ্চ থেকে নেমে যান।পরে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, লংমার্চে সরকার বাধা দিয়েছে। সরকারের আচরণ গণতান্ত্রিক ছিল না। এ জন্য হেফাজতের কর্মসূচিতে বিএনপি সংহতি জানিয়েছে।বিকেলে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সমাবেশের মঞ্চে গিয়ে হেফাজতের কর্মসূচি ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।বিএনপির খাবার বিতরণ: গতকাল সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুকনা খাবার, ফল ও পানি বিতরণ করা হয়েছে। বিকেল পর্যন্ত তারা খাবার বিতরণ করেছে।বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সম্পূর্ণ মানবিক কারণে মুসাফিরদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।এ ছাড়া রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ও মতিঝিলে হেফাজতের সমাবেশস্থলেও বিএনপির পক্ষ থেকে খাবার ও পানি বিতরণ করা হয় বলে বিএনপির কার্যালয় থেকে জানা গেছে।প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি জানান, বিএনপি থেকে নির্বাচিত গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ হাসানউদ্দিন সরকার গতকাল সকালে হেফাজতের লংমার্চে অংশগ্রহণকারীদের মাঝে বিস্কুট, রুটি ও বোতলজাত পানি বিতরণ করেছেন।বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যার পর থেকে ও গতকাল দুপুরের আগ পর্যন্ত গাজীপুর ও আশপাশের জেলা থেকে হেফাজতে ইসলামের অনুসারীরা হেঁটে ঢাকার সমাবেশের উদ্দেশে রওনা দেন। টঙ্গী থানা বিএনপির উদ্যোগে দলের স্থানীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চকারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। জাতীয় পার্টি: রাজধানীর প্রবেশমুখসহ ৪২টি স্থানে হেফাজতের লংমার্চে অংশগ্রহণকারীদের জন্য পানির ব্যবস্থা করেছে জাতীয় পার্টি (জাপা)। কোথাও কোথাও খেজুর, বিস্কুট ও মুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়।গতকাল সকালে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজে উপস্থিত থেকে উত্তরার আবদুল্লাহপুরে পানি পান করান। এ সময় তিনি ‘শাহবাগের গণজাগরণ মঞ্চ দেশকে বিভক্ত করেছে’ বলে গণমাধ্যমের কর্মীদের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের উচিত ছিল অনেক আগেই এ মঞ্চ ভেঙে দেওয়া। ব্লগারদের ইসলামবিরোধী তৎপরতা রোধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।এরপর এরশাদ খিলক্ষেত, বিমানবন্দর, বিশ্বরোড ও মহাখালীতে একই ধরনের কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য ফয়সাল চিশতী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমদ প্রমুখ।