হেফাজতের মিছিলের চেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ আটক সাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আন্দরকিল্লা জুমা মসজিদ চত্বর থেকে হেফাজতে ইসলামের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে। আটকদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন প্রভাষক রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হতে পারে বলে পুলিশ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। আটক প্রভাষকের নাম মুহাম্মদ নছিম। গত বছর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। বাকি ছয়জনের পরিচয় পুলিশ তাত্ক্ষণিকভাবে জানায়নি। তবে হেফাজতে ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের ১২জন নেতা-কর্মী গ্রেপ্তার হন বলে দাবি করেছেন। আজ জুমার নামাজের পর হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করে। হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবু নগরীর মুক্তি এবং ১৩ দফা দাবির সমর্থনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতের স্থানীয় কর্মীরা। তবে কর্মসূচিতে হেফাজতের উল্লেখযোগ্য কোনো নেতাকে আন্দরকিল্লায় দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজ শেষ হওয়ার পর হেফাজতের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এর আগেই মসজিদের দুদিক ঘেরাও করে রাখে পুলিশ। বাকি দুদিক ভবন ও পাহাড় বেষ্টিত। এক পর্যায়ে হেফাজতের কর্মী মুহাম্মদ নছিম পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তাঁকে আটক করা হয়। বাকি ছয়জনও মিছিল বের করার চেষ্টা করে। তাঁদেরও আটক করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, মুহাম্মদ নছিম হেফাজতের আগের কর্মসূচিগুলোতে বেশ তত্পর ছিলেন। তিনি বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আজও তাঁর আচরণ নমনীয় ছিল না। তাই তাঁকে আটক করা হয়। আমি আওয়ামী সমর্থক, দাবি নছিমেরপ্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ নছিম নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘নীল’ দলের সমর্থক হিসেবে পরিচয় দেন। আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘নীল’ গঠিত হয়। আর গত বছর বর্তমান সরকারের আমলে তাঁকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে তিনি দাবি করেন। চট্টগ্রাম নগর পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রভাষক নছিমের বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে। আটক হওয়ার পর তিনি নিজেকে আওয়ামী লীগ সমর্থক শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ায় তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্যে তাঁকে ঢাকায় পাঠানো হতে পারে। হেফাজতের বক্তব্যপত্রিকা কার্যালয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল সংখ্যক পুলিশ আজ আন্দরকিল্লা মসজিদের চারপাশ ঘেরাও করে রাখে। পুলিশি বাধার কারণে হেফাজতে ইসলামের মিছিল বের করা যায়নি। বিনা উসকানিতে পুলিশ মিছিলে বাধা দিলে তৌহিদি জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। সংঘাত এড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে হেফাজতের নেতা-কর্মী সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন। এ সময় পুলিশ হেফাজতের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে বলে দাবি করা হয়।হেফাজতের দাবি প্রত্যাখ্যান করে কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, পুলিশের অনুমতি না নিয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে সাতজনকে আটক করা হয়। ১২ জন গ্রেপ্তারের অভিযোগ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। এটা হেফাজতে ইসলামের রাজনৈতিক বক্তব্য। এদিকে আন্দরকিল্লার সমাবেশে মুফতি আবদুল ওয়াহহাব সভাপতিত্ব করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা এনামুল হক, মাওলানা জায়নুল আবেদীনসহ বক্তৃতা করেন।বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা বলেন, সরকার শাপলা চত্বরে দেশের নিরীহ আলিম-ওলামা, মাদ্রাসা ছাত্র ও নবীপ্রেমিক জনগণকে নৃশংসভাবে ‘হত্যা’ করে নির্যাতিতদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার দিয়ে পবিত্র কোরআন পুড়িয়ে হেফাজতের ঘাড়ে দোষ চাপানোর চক্রান্ত চালিয়েছে। হেফাজতের নেতারা এ সরকারকে মানবতার শত্রু ও ইসলামের দুশমন বলে মন্তব্য করেন।