হেফাজতের লংমার্চে থাকবেন বিএনপির কর্মী-সমর্থকেরা
৬ এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লংমার্চে সরাসরি অংশ নেবেন বিএনপির কর্মী-সমর্থকেরা। কেন্দ্রের নির্দেশনা পেয়ে এ ব্যাপারে জেলার নেতারা, বিশেষ করে মহাসড়কের পাশের জেলার নেতারা কাজ করছেন। দলীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশের জেলাগুলো থেকে বিএনপির কর্মী-সমর্থকদের ওই মিছিলে প্রবেশ করতে বলা হয়েছে। তবে বিএনপির পোস্টার ও ব্যানার না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজতের কর্মসূচিকে বৃহৎ রূপ দিতে পেছন থেকে বিএনপি এ সহায়তা করছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, হেফাজতে ইসলামের কর্মসূচিতে বিএনপি বা ১৮-দলীয় জোটের সরাসরি অংশ নেওয়ার ব্যাপারে দল ও জোটের কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। স্থানীয়ভাবে এ ব্যাপারে হয়তো কেউ কেউ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। ৬ এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি দেওয়া আছে। এ কর্মসূচিতে বাধা দিলে ৭ এপ্রিল হরতাল দেওয়ার চিন্তা আছে সংগঠনটির। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে হেফাজতের সঙ্গে মিল রেখে কর্মসূচি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। সে ক্ষেত্রে বিএনপি ৮ ও ৯ এপ্রিল হরতাল দিতে পারে। বিএনপির হরতালের কারণ বলা হবে, বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবি। গতকাল রোববার কয়েকটি জেলায় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বলেছেন, লংমার্চে বিএনপি বা ১৮-দলীয় জোট কেন্দ্রীয়ভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত না নিলে বিএনপির নেতারাও এতে অংশ নেবেন না। তবে কর্মী-সমর্থকেরা যোগ দেবেন। তাঁদের এভাবেই বলাও হয়েছে। বিএনপির অপর একজন নেতা অবশ্য বলেছেন, এটা কৌশলগত সিদ্ধান্ত। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকার যেন বিএনপিকে দোষারোপ করতে না পারে, সে জন্যই এ কৌশল নেওয়া হয়েছে।