হেফাজতের সংগ্রাম রাষ্ট্রের বিরুদ্ধে: আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না। তাদের কর্মকাণ্ড প্রমাণ করে, তাদের সংগ্রাম ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, তাদের সংগ্রাম রাষ্ট্রের বিরুদ্ধে।আজ মঙ্গলবার বিকেলে মতিঝিলের টিঅ্যান্ডটি মাঠে হেফাজতের কোরআন পোড়ানো ও বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ১৪ দল আয়োজিত জনসভায় আমির হোসেন আমু এসব কথা বলেন।আমির হোসেন আমু বলেন, আজকে যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, যখন আরও কয়েকটি বিচারের রায় আসার অপেক্ষায়, প্রধানমন্ত্রী যখন বিরোধীদলীয় নেতাকে সংলাপের প্রস্তাব দিয়েছেন, ঠিক তখনই দেশে এই তাণ্ডব চালানো হলো।’ তিনি বলেন, হেফাজতের বিরোধিতা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে নয়, তাদের বিরোধিতা মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। হেফাজতে ইসলামের মূল সংগ্রাম নারীদের বিরুদ্ধে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মেয়েরা ইজ্জত নিয়ে কাজ করতে পারবে। আর সেদিন হেফাজতের নামে যারা ঢাকায় এসেছে, তারা নারীদের ঘরে বন্দী করার দাবি নিয়ে এসেছে।’ গত রোববার রাতে মতিঝিলে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘হেফাজত নিজেই নিজের হেফাজত করতে পারেনি। শাহাদত্বরণের কথা বলে মাত্র ১০ মিনিটেই সব লেজ গুটিয়ে পালিয়েছে।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘হেফাজত যখন কোরআনে আগুন দিচ্ছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছিল, তখন কোন কারণে খালেদা জিয়া ঢাকাবাসীকে হেফাজতের পাশে দাঁড়াতে বললেন? কী এমন শক্তির বলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন, জনগণ তা চানতে চায়।’ নির্বাচিত সরকারকে এতটা দুর্বল ভাবার কোনো কারণ নেই জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘আসলে তিনি সবার সঙ্গে কথা বলে সুপরিকল্পিতভাবে আলটিমেটাম দিয়েছেন। তাঁরা চেয়েছিলেন সবাই একসঙ্গে আন্দোলন করে সরকারের পতন ঘটাতে। কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছেন।’হানিফ বলেন, ‘যাঁরা ধর্মীয় শান্তি চান, কোরআন শরিফ পোড়ানোর বিচার চান, তাঁরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আগামী দিন থেকে হরতালের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। মতিঝিলে লাশ গুমের মিথ্যা অজুহাতে বিএনপি-জামায়াত গায়েবানা জানাজা পড়ছে বলেও অভিযোগ করেন তিনি।মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ।