হেফাজতের সমাবেশে মাহমুদুরের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ডাকা ৮ এপ্রিলের হরতালের দিন সারা দেশে হেফাজতের নেতা-কর্মীদের মারধর ও গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছে সংগঠনটি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গলিতে এ সমাবেশ করে তারা।সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করা হয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, ‘আসুন আমরা সবাই মিলে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করি। আওয়ামী লীগের ছোট থেকে বড় সব নেতাই মিথ্যাবাদী। তাই তাঁদের কথায় কান দেবেন না।’ লংমার্চ-পরবর্তী মহাসমাবেশের পর হেফাজতের নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতারা নানা ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, এই অভিযোগ করে মাওলানা আশরাফ এসব কথা বলেন।এ ছাড়া সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রব ইউসুফী সরকারকে উদ্দেশ করে বলেন, ‘শাহবাগের লাঠিয়াল বাহিনীকে অবিলম্বে প্রত্যাহার করুন। এ লাঠিয়াল বাহিনী প্রমাণ করেছে, তারাই জঙ্গি।’ তিনি আরও বলেন, ‘“আমার দেশ”-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। সেই জ্বালায় সরকার তাঁকে গ্রেপ্তার করেছে। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। নইলে তালা ভেঙে আমরা তাঁকে নিয়ে আসব।’সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ ইসহাক, মুফতি ফয়জুল্লাহ, হুমায়ুন কবির, মুফতি তৈয়ব প্রমুখ।সমাবেশ শেষে হেফাজতের নেতা-কর্মীদের একটি মিছিল বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, মতিঝিল হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়।