হেফাজতের সমাবেশে সরকার উত্খাতের ষড়যন্ত্র হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের ৫ মে’র সমাবেশে সরকারকে উত্খাতে জাতীয় ও আন্তর্জাতিক চক্র ষড়যন্ত্র করেছিল। তবে ষড়যন্ত্র যতই হোক জনগণের সমর্থন থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হয় না বলে মন্তব্য করেন তিনি।আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। খবর ইউএনবি।গত ৪ মে নির্দলীয় সরকারের দাবি মানতে বিরোধী দল সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। এ আলটিমেটামের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘৫ মে রাস্তায় হেফাজতের সমাবেশে মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের ব্যবহার করে তাদের ঘাড়ে পা দিয়ে সরকার উত্খাত করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল।’১৯৮১ সালের ১৭ মে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে। আমাকে প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাবা-মার খুনিদের দেখলে ভয় পাব, এ জন্য তাদের ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারী বজলুল হুদা, শাহরিয়ার রশীদকে নিয়ে ইত্তেফাকের মঈনুল হোসেন পার্টি করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ফারুককে এরশাদ রাষ্ট্রপতি প্রার্থী করে হেলিকপ্টার দিয়েছিলেন। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে হুদা, রশীদকে সাংসদ বানিয়েছেন।’স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাজেদা চৌধুরি, দলের প্রেসিডিয়াম সদস্য প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।