হেফাজতের হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুর অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে গতকাল সোমবার চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, রেলপথ অবরোধ ও থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলার পশ্চিম পটিয়ায় আওয়ামী লীগের সমর্থকদের ছয়টি বসতঘরে আগুন দেওয়া হয়েছে। রগ কেটে দেওয়া হয়েছে আওয়ামী লীগের এক সমর্থকের। ১৩ দফা দাবিতে এ হরতাল ডাকা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় হেফাজতে ইসলাম ও ছাত্রলীগ-যুবলীগের মধ্যে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ হয়। সংঘর্ষে সালাহউদ্দিন নামের ছাত্রলীগের এক কর্মী নিজের গুলিতে আহত হন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ছাত্রলীগকে দায়ী করে প্রথম আলোকে বলেন, ‘ওরা বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের গুলিতে আমাদের অনেক নেতা-কর্মী আহত হন।’ছাত্রলীগের সাবেক নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, ‘হেফাজতের কর্মীরা আকস্মিক হামলা চালিয়ে আমাদের মাইক বন্ধ করে দেন। ইস্পাহানী মোড়ে এসে হেফাজতের নেতাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা আমাদের দিকে ঢিল ছোড়েন।’ পটিয়া: পশ্চিম পটিয়ার শিকলবাহা ইউনিয়নের ভেল্লাপাড়ায় হেফাজতে ইসলামের ব্যানারে মিছিল নিয়ে বিএনপি ও জামায়াত-সমর্থিত লোকজন স্থানীয় আওয়ামী লীগের ছয় কর্মীর বাড়িতে আগুন দেয়। মিছিলকারীরা সুলতান আহমদের পায়ের রগ কেটে দেয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে আগুন দেওয়ার পর হেফাজতের লোকজন স্থানীয় জামাল উদ্দিনের চায়ের দোকানে হামলা করে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী শিকলবাহা মাকাফুল উলুম মাদ্রাসায় হামলা করে। ফটিকছড়ি: গতকাল সকালে ফটিকছড়ির নানুপুর বাজারে কওমি মাদ্রাসার হেফাজতের কর্মীরা ছোট-বড় ৩০টি দোকান ও ২০টি বসতঘর ভাঙচুর করেন। হরতাল-সমর্থকেরা সাতটি চাঁদের গাড়ি, তিনটি মোটরসাইকেল ও দুটি বেসরকারি ব্যাংক ভাঙচুর করেন। একপর্যায়ে গ্রামবাসী ও হেফাজতের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।বেলা ১১টার উপজেলার শাহনগর গ্রামের ইসলামিয়া বাজারে হেফাজতের কর্মীদের সঙ্গে সুন্নি আকিদার লোকজনের সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হন। আনোয়ারা: সকালে পারকি সৈকতে হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন হেফাজতে ইসলাম, ছয়জন আওয়ামী লীগের এবং একজন পুলিশ কনস্টেবল। এ সময় পুলিশ দুজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২টি গুলি ছোড়ে। রাউজান: হাটহাজারী থেকে হরতাল-সমর্থকেরা দুপুরে মিছিল নিয়ে রাউজানে ঢোকেন। মুনসিঘাটায় রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বশির উদ্দিন খান তাঁদের ভাঙচুর না করার জন্য বললে মিছিলকারীরা তাঁকে মারধর করেন। এ সময় ছবি তুলতে গেলে তাঁরা স্থানীয় চার সাংবাদিককে মারধর করেন। একপর্যায়ে লোকজন লাঠি নিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। ১০-১২ জনকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।ঢাকা: ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব মোতায়েন ছিল। রাস্তায় ব্যক্তিগত যানবাহন তেমন চলেনি। তবে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও বাস চলতে দেখা গেছে। নগরের টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।মোহাম্মদপুরের সাতমসজিদ রোডে ভোর ছয়টার দিকে সড়ক অবরোধ করেন হেফাজতের কর্মীরা। কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ এলাকায় বেড়িবাঁধের রাস্তায় গাছের ডাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাঁরা। ঘণ্টা খানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বরিশাল: হরতালের সমর্থনে হেফাজতের সমর্থকেরা রোববার সন্ধ্যার পর ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর রাত আটটার দিকে রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে সংগঠনের বিভাগীয় আমির ওবায়েদুর রহমানসহ চারজনকে আটক করেন র‌্যাবের সদস্যরা। আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র-শিক্ষক ও চরমোনাইয়ের পীরের অনুসারী ইসলামী আন্দোলনের কর্মীরা কোতোয়ালি থানা ঘেরাও করেন। বাধ্য হয়ে বেলা পৌনে ১১টার দিকে ওবায়েদুর রহমানকে ছেড়ে দেয় পুলিশ। ময়মনসিংহ: বেলা ১১টার দিকে শহরের গাঙ্গিনারপাড় মোড়ে হেফাজতে ইসলামের মিছিল আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের মুখোমুখি হলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় হেফাজতের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করেন এবং আওয়ামী লীগের কার্যালয়ে হামলার চেষ্টা করেন। পরে আওয়ামী লীগের কর্মীরা পাল্টা ধাওয়া দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়া: সকাল সাতটার দিকে আখাউড়ার বাইপাস এলাকায় সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করেন হেফাজতের কর্মীরা। এরপর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনও আখাউড়ায় জংশন স্টেশনে থামিয়ে রাখা হয়।ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টায় সদর উপজেলার বড়হরণ রেলগেট অতিক্রমকালে ইটপাটকেল ছোড়েন হেফাজতের কর্মীরা। এতে পাঁচ যাত্রী আহত হন এবং ট্রেনের একাধিক জানালার কাচ ভেঙে যায়। এরপর ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকায় রেললাইনে কাঠের গুঁড়ি ও স্লিপার ফেলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।আখাউড়ায় হেফাজতের কর্মীরা বেলা ১১টার দিকে মিছিল নিয়ে আজমপুর বাজারে গিয়ে দোকানপাট বন্ধ করতে চান। একপর্যায়ে হরতালকারীরা দোকানপাটে ভাঙচুর ও হামলা করলে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের ধাওয়া দেন। এ ঘটনায় কয়েকজন আহত হন।নারায়ণগঞ্জ: হেফাজতের কর্মীরা শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে জড়ো হয়ে সড়কে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত সমাবেশ করেন। আড়াইহাজারে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় হেফাজতের কর্মীরা বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন। চাঁদপুর: ভোর সাড়ে ছয়টার দিকে গাছের গুঁড়ি ফেলে চাঁদপুর-বাবুরহাট-পেন্নাই সড়ক অবরোধ করেন হেফাজতের কর্মীরা। খবর পেয়ে সকাল সাড়ে সাতটায় পুলিশ গিয়ে সড়কপথ স্বাভাবিক করে। মুন্সিগঞ্জ: হেফাজতের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া চৌরাস্তায় সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। মাধবপুর (হবিগঞ্জ): সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদর থেকে নয়াপাড়া ইউনিয়নের সাহেববাড়ি বাসস্টেশন পর্যন্ত আটটি স্থানে হেফাজতে ইসলামের পক্ষে শিশু ও কিশোরেরা পিকেটিং ও বিক্ষোভ মিছিল করে।