হেফাজতের ১৩ দফা কার্যকর হতে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যত দিন পর্যন্ত কর্মজীবী একজন নারী থাকবেন, তত দিন পর্যন্ত এ দেশে হেফাজতে ইসলামের ১৩ দফা কার্যকর হতে দেওয়া হবে না। স্বাধীন বাংলাদেশে এ ধরনের ১৩ দফা দাবি কীভাবে পেশ করতে পারে, তা-ও এক প্রশ্ন।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী নারী গণসমাবেশ আয়োজিত সংবাদ সম্মেলনে নারী ও মানবাধিকার কর্মীরা এ কথা বলেন। আগামী শনিবার ২৭ এপ্রিল প্রতিবাদী নারী গণসমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই দিন পোশাকশিল্পের শ্রমিকদের এবং প্রতিবাদী নারীদের দুটো সমাবেশ হওয়ার কথা ছিল। পোশাকশিল্পের শ্রমিকদের রাজধানীর শাপলা চত্বরে যে সমাবেশ হওয়ার কথা, সেটি স্থগিত করা হয়েছে। তবে সাভারে ভবনধসে পোশাকশিল্পের শ্রমিকদের মৃত্যু এবং উদ্ধারকাজ এখনো চলতে থাকায় প্রতিবাদী নারীদের গণসমাবেশ ২৭ তারিখেই হবে কি না, তা নারী ও মানবাধিকার কর্মীরা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। সিদ্ধান্ত হলে পরে তা গণমাধ্যমকে জানানো হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২৭ তারিখে সমাবেশ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে বর্তমান পরিস্থিতিতে হয়তো সমাবেশের তারিখ পেছানো হতে পারে।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।পোশাকশিল্পের শ্রমিক নেত্রী নাজমা আখতার বলেন, সাভারের যে ভবনধস, তাকে দুর্ঘটনা বলা যাবে না। পোশাকশিল্পের মালিকেরা শ্রমিকদের জোর করে ডেকে এনে মেরে ফেলেছেন। পোশাকশিল্পের শ্রমিকেরা হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে ২৭ এপ্রিল শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। কিন্তু সাভারের ঘটনায় বর্তমানে সমাবেশটি স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাংবাদিক নাসিমুন আরা হক। তাঁর বক্তব্যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। এতে জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদের পূর্ণ বাস্তবায়নেরও দাবি জানানো হয়। এ ছাড়া জনজীবনে ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য অগণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পরিপন্থী সব অপচেষ্টা প্রতিহত করারও দাবি জানানো হয়েছে।সংবাদ সম্মেলনের শুরুতে সাভারে ভবনধসে নিহত লোকজনের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাকশিল্পের মালিক ও ভবন মালিকের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন সংবাদ সম্মেলনের আয়োজকরা।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন নারী নেত্রী শিরিন আখতার, খুশী কবির, রোকেয়া কবীর, হাজেরা সুলতানা, আফরোজা হক, মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকার প্রমুখ।