হেফাজতের ১৩ দফা নারীর প্রতি আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ১৩ দফা সরাসরি নারীর অধিকার ও সম্মানের প্রতি আঘাত। হীন উদ্দেশ্যে এসব দফা দেওয়া হয়েছে। দেশের নারীরা এর একটিও মানবেন না। গতকাল শনিবার প্রতিবাদী নারী গণসমাবেশে এসব কথা বলা হয়। নারীর মানবাধিকার খর্ব করতে চায়—এমন ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলা হয় সমাবেশে। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে পোশাকশিল্প কারখানার শ্রমিক, দলিত নারী, আদিবাসী নারীসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ উপলক্ষে প্রেসক্লাবের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশ উপলক্ষে প্রেসক্লাবে যাওয়ার জন্য পল্টন মোড় এবং কদম ফোয়ারার সামনে থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, নারীরা যখন এগিয়ে চলেছেন, জাতিসংঘ প্রশংসাপত্র দিচ্ছে, সেই সময় দেশের রাজনীতিতে হেফাজতে ইসলাম নামের একটি আগাছা জন্ম নিয়েছে। এই আগাছা দলটি ১৩ দফা নামের যে দাবি তুলেছে, সূচনাতেই তা নির্মূল করতে হবে।সমাবেশের ঘোষণাপত্র পড়ে শোনান ফওজিয়া খোন্দকার। তাতে বলা হয়, জাতীয় স্বার্থে, জাতির অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য নারীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধ করা এবং জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। ঘোষণাপত্রে ১০ দফা দাবিও জানানো হয়।সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফায় নারী ও পুরুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে আর কোনো রাষ্ট্রীয় দর্শন বা আদর্শ থাকতে পারে না।মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, নির্বাচনের আগে ’৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার অঙ্গীকার করলেও সরকার তা করেনি। নারীনেত্রী শিরীন আখতার হেফাজতিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।আদিবাসী প্রতিনিধি রেবেকা সরেন বলেন, ‘হেফাজতে ইসলাম নারীদের ঘরের ভেতরে আবদ্ধ করে রাখতে চায়। তাঁদের বলতে চাই, সতর্ক হয়ে যান। দ্বিতীয়বার কোনো কথা বললে জিব কেটে রেখে দেব।’শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী বলেন, নারী সমাজ ১৩ দফা কেন, ৫০ দফা করলেও তা মেনে নেবে না, তা এ দেশে বাস্তবায়িত হতে দেবে না।আইনজীবী তুরিন আফরোজ বলেন, ‘৭১-এ নারীদের যারা ধর্ষণ করেছে, তাদের সে সময় ইসলাম বা মানবতাবোধ কোথায় ছিল? ইসলামকে হেফাজতের নামে হেফাজতে ইসলাম যেসব কথা বলছে, তা ইসলাম সমর্থন করে না। শ্রমিকনেত্রী লাভলী ইয়াসমীন বলেন, পোশাকশিল্প কারখানার ৪০ লাখ শ্রমিকের সঙ্গে তাঁদের পরিবারের আরও পাঁচ কোটি মানুষ যুক্ত। অথচ হেফাজতে ইসলামের কর্মীরা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো ভূমিকা রাখেন না। তাঁরা মধ্যপ্রাচ্য থেকে টাকা এনে নারীদের ঘরে অবরুদ্ধ করতে চান। শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চ প্রথম থেকেই হেফাজতে ইসলামের অসাংবিধানিক ১৩ দফা দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।সাংসদ আশরাফুন নেসা মোশাররফ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, সালমা আলী, রোকেয়া কবির, খুশী কবির, হাজেরা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিআরা নাসরীন, কণ্ঠশিল্পী মিতা হক, অনিন্দ সাহা, চৈতালী ত্রিপুরা, শ্রমিকনেত্রী নাজমা আক্তার প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।লেখক মুহম্মদ জাফর ইকবাল, রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাহিদুল ইসলাম সেলিম, নারীনেত্রী মাহফুজা খানম, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা সমাবেশে সংহতি জানান।সমাবেশে সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে শোক প্রস্তাব পড়া হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।