জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার রাশিদা মানজু
হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে সরকারকেই পদক্ষেপ নিতে হবে
বাংলাদেশ সফররত জাতিসংঘের নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক বিশেষ র্যাপোর্টার রাশিদা মানজু বলেছেন, ‘আমি হেফাজতে ইসলামের ১৩ দফা সম্পর্কে অবগত। বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমান অধিকার দিয়েছে। তাই হেফাজতে ইসলাম ১৩ দফায় প্রকাশ্যে নারী-পুরুষের চলাফেরাসহ যেসব নিষেধাজ্ঞা দিয়েছে, তা এ দেশের সংবিধানসম্মত নয়। নারীর অধিকার রক্ষার স্বার্থে হেফাজতের এ ধরনের দফার বিরুদ্ধে সরকারকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে।’আজ বুধবার নগরের একটি হোটেলে বাংলাদেশের জাতিসংঘ অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে রাশিদা এসব কথা বলেন। সরকারের আমন্ত্রণে ১৯ মে থেকে বাংলাদেশ সফর করছেন রাশিদা মানজু। ১০ দিনের সফরে সরকারের বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ছাড়াও তিনি ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, খুলনা ও যশোরে সফর করেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, বার্ন ইউনিট, ঢাকা এবং যশোরে সরকার এবং বেসরকারি সংস্থা পরিচালিত বিভিন্ন আশ্রয় কেন্দ্র, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এবং ঢাকা জেলখানার নারী ওয়ার্ড পরিদর্শন করেছেন। এ সময়ে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার নারী প্রতিনিধিদের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করেছেন। সংবাদ সম্মেলনে রাশিদা বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে সরকারের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার নারীদের সঙ্গে তিনি কথা বলতে পারেননি। সাংবাদিকদের পক্ষ থেকে সরকারের নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে তিনি জানান, সরকার নিরাপত্তার প্রশ্ন তুলে এ নিষেধাজ্ঞা দিয়েছে।সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফরের পরিপ্রেক্ষিতে রাশিদা মানজু একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে তিনি নারী নির্যাতন বন্ধে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ করেছেন। লিখিত বক্তব্য পড়ে শোনানোর পর তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতিসংঘের এ ধরনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রাশিদা মানজুই প্রথম যিনি বাংলাদেশের নারী নির্যাতন, নির্যাতনের কারণ এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঘটনা পর্যবেক্ষণ করছেন। এ সফরকে কেন্দ্র করে ২০১৪ সালের জুনে তিনি জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে একটি সমন্বিত প্রতিবেদন জমা দেবেন।সংবাদ সম্মেলনে রাশিদা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ বসবাস করে। সবার ধর্ম অনুযায়ী বিয়ে, তালাকের মতো বিষয়গুলো নির্ধারিত হয়। তাই এ দেশে সব ধর্মের নারী-পুরুষের অধিকার রক্ষায় অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন একটি বড় চ্যালেঞ্জের বিষয়। তবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এ ধরনের আইন প্রণয়ন করা সম্ভব।এ ধরনের আইন প্রণয়নের ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে কি না, এমন প্রশ্নের জবাবে রাশিদা বলেন, এখানে ধর্মীয় রীতি বাদ দেওয়ার বিষয়টি আসছে না। ধর্মীয় রীতির পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে দেশের সব নাগরিকের জন্য বিয়ে, তালাক ইত্যাদি বিষয়ে নিবন্ধনসহ একটি আইনি কাঠামো মেনে চলার কথা বলা হচ্ছে।রাশিদা নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ বা ‘সিডও’ সনদসহ আন্তর্জাতিক বিভিন্ন সনদ অনুমোদন ও অনুস্বাক্ষর করা, দেশীয় প্রেক্ষাপটে বিভিন্ন শক্তিশালী আইন প্রণয়নের কথা তুলে ধরেন তিনি।তবে সিডও সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারায় সরকারের নিষেধাজ্ঞা বলবত্ থাকায় এ সনদ নারীর অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারছে না বলে উল্লেখ করেন রাশিদা। তিনি জানান, সরকারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, এ সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি সরকারের প্রতি দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করেছেন। বাংলাদেশে নারীর অধিকার রক্ষায় অনেক ভালো আইন থাকলেও আইনের বাস্তবায়ন এবং বিচারপ্রার্থী নারীদের ভোগান্তি এবং অবশেষে নির্যাতকের সঙ্গে আপস করে ফেলার কথা উল্লেখ করে এ বিষয়েও সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান রাশিদা। আদিবাসী, প্রতিবন্ধী, সংখ্যালঘু এবং সমাজের পিছিয়ে পড়া নারীদের বিষয়টি আলাদা গুরুত্ব দেওয়ার জন্যও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অভিবাসী নারী শ্রমিক, অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিক, গৃহকর্মীদের সস্তা শ্রমিক ভেবে তাঁদের ওপর যে ধরনের নির্যাতন ও যে ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তারও অবসান চান রাশিদা মানজু।রাশিদা তাঁর লিখিত বক্তব্যের সুপারিশে বাল্যবিবাহ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া, মেয়ের চেয়ে ছেলে সন্তানকে প্রাধান্য দেওয়াসহ যেসব রীতি বা আচার প্রচলিত, তার পরিবর্তন ঘটানো, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য বৈষম্যহীন সমাজ গঠনসহ মোট সাতটি বিষয়ের উল্লেখ করেছেন। জাতিসংঘের ওই বিশেষ র্যাপোর্টার বলেন, বিশ্বব্যাপী নারী নির্যাতন বর্তমানে একটি উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধের বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রত্যেক দেশের সরকারকেই এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কেননা, এ ধরনের নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন। নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে এ ধরনের নির্যাতনের পেছনে ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যেসব কারণ আছে, সেগুলোকে চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।রাশিদা মানজু দক্ষিণ আফ্রিকার নাগরিক। জাতিসংঘের এ বিশেষ দায়িত্ব পালনের পাশাপাশি রাশিদা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় ‘কমিশন অন জেন্ডার ইক্যুয়ালিটি’র সাবেক সংসদীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।