হেফাজতের ৪ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
রাজশাহীতে মহাসমাবেশে উঠানো চাঁদার টাকা আত্মসাতের অভিযোগে হেফাজতে ইসলামের ঢাকা ও রাজশাহীর চার নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে হেফাজতে ইসলামের রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় মামলাটি করেন।মামলার আসামিরা হলেন রাজশাহীর পবা উপজেলার কাটাখালী বাখরাবাদ মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) ও হেফাজতের রাজশাহী মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, নগরের ছোট বনগ্রাম এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম ও মহানগর কমিটির কোষাধ্যক্ষ আবদুল জব্বার জিহাদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিভাগের শিক্ষক ও রাজশাহী মহানগর কমিটির আহ্বায়ক শেখ তৈয়বুর রহমান নিজামী এবং সংগঠনের ঢাকা মহানগরের মহাসচিব জুনায়েদ আল হাবীব।মামলার বাদী মোহাম্মদ আলী জিন্নাহ নগরের উপশহর এলাকায় অবস্থিত দারুল উলুম এতিমখানা ও মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ)।মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল হেফাজতে ইসলাম-রাজশাহীর উদ্যোগে রাজশাহী মাদ্রাসা মাঠে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের সাহায্যের জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০০ থেকে এক হাজার টাকা করে চাঁদা তোলা হয়। আদায়কৃত টাকা গণনা করে জামাল উদ্দিন বস্তায় ভরে তাঁর মাদ্রাসায় নিয়ে যান। মাদ্রাসায় গিয়ে তিনি জানান, টাকা গণনা করে দুই লাখ ২১ হাজার টাকা পাওয়া গেছে। কিন্তু বাদীর ধারণা, মাদ্রাসার মাঠে পাঁচ লাখ টাকার ওপর অর্থ আদায় হয়েছে।মামলার এজাহারে আরও বলা হয়, মামলার আসামিরা পরস্পর যোগসাজশ করে ওই টাকা আত্মসাত্ করেন।নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম মামলার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।