হেমন্তসন্ধ্যায় রামপ্রসাদী ভক্তিসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপ্রসাদ সেনের পরিচিতি সাধক হিসেবে। তবে সেই পরিচিতির চেয়ে সাধারণ মানুষের কাছে তিনি খ্যাত স্মরণীয় হয়ে আছেন তাঁর গানের জন্য। ‘মন রে কৃষি কাজ জান না’, ‘অপার সংসার নাহি পারাপার’—এমন অনেক রামপ্রসাদী গান ছড়িয়ে আছে মানুষের মুখে মুখে। সেসব গান নিয়েই বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের নিয়মিত পাক্ষিক আয়োজনের প্রথম আসরটি হয়ে গেল গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।সংগীত সংগঠন নিবেদনের শিল্পীরা হেমন্তসন্ধ্যায় শ্রোতাদের শুনিয়েছেন রামপ্রসাদের ভক্তিমূলক গান। নিয়মিত এই পাক্ষিক সংগীত আয়োজনের উদ্বোধন করেন প্রবীণ গীতিকবি নঈম গহর। আলোচনা করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, শিল্পী সাজেদ আকবর ও মাহমুদ সেলিম। সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী তপন মাহমুদ। স্বাগত জানান সাধন চন্দ্র দাস। রামপ্রসাদের গানের এই অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনা করেন মোহাম্মদ রফিকউজ্জামান। গানের আগে রামপ্রসাদ সেনের জীবন সাধনার বিষয় তুলে ধরা হয়। আনুমানিক ১৭২৩ সালে তাঁর জন্ম। নবাব সিরাজদ্দৌলা তাঁকে মুর্শিদাবাদ নিয়ে যেতে ও মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁকে সভাকবি করতে চেয়েছিলেন। কিন্তু তিনি দরবারি অনুগ্রহ লাভে সম্মত হননি। তাঁর গানের লিখিত পাণ্ডুলিপি পাওয়া যায় না। লোকমুখেই গানগুলো টিকে ছিল। সেই থেকে প্রায় ৩০০-র মতো গান এখন পাওয়া যায়। সাধক রামপ্রসাদের মৃত্যুর তারিখও সুনির্দিষ্ট নয়, অনুমান ১৭৭৫ সালে তাঁর তিরোধান।গানের পালা শুরু করেছিলেন শিল্পী অনুপ ভট্টাচার্য ‘মন রে কৃষি কাজ জান না’ ও ‘সদানন্দময়ী কালী’ গান দুটি গেয়ে। এরপর সুমা রানী রায় ‘চিন্তাময়ী তারা তুমি’, ও ‘শিব নয় মায়ের পদতলে’, নাসিমা শাহীন ‘সকলি তোমারই ইচ্ছা’ ও ‘আমি কি দুঃখে রে ডরাই’, বিশ্বজিৎ রায় ‘সুরা পান করিনে আমি’ ও ‘বসন পর মা’, মঞ্জু সাহা ‘মন গরিবের কী দোষ আছে’ ও ‘আমার চেতনা চৈতন্য করে’, শিল্পী চ্যাটার্জি ‘মা তোমারই ভ্রম গেল না’, সুতপা রায় ‘সময় তো থাকবে নাগো মা’, ‘চাই না মাগো রাজা হতে’ এবং ‘গিরি এবার আমার উমা এলে’ ও ‘মন কেন মায়ের চরণ ছাড়া’ গেয়ে শোনান সুমনা দাস। সঞ্চয় কবিরাজ গাইলেন ‘অপার সংসার নাহি পারাপার’ ও ‘ভেবে দেখ মন কেউ কারও নয়’। অনুষ্ঠান শেষ হয় সমবেত কণ্ঠে ‘শ্রীদুর্গা নাম ভুলে না’ গানের মধ্য দিয়ে।আব্বাসউদ্দীন জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসরগতকাল বৃহস্পতিবার ছিল ‘ভাওয়াইয়াসম্রাট’-খ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের ১১০তম জন্মদিন। দিনটি পালন করতে সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় ভাওয়াইয়াসন্ধ্যার। আয়োজন করেছে ভাওয়াইয়া অঙ্গন।ভাওয়াইয়া সংগীতসন্ধ্যার আগে ছিল আলোচনাপর্ব। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাসউদ্দীনের ছেলে ও সংগীতব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী। সালমা মোস্তাফিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান। বক্তারা তাঁদের আলোচনায় আব্বাসউদ্দীনের জন্মদিনকে ‘ভাওয়াইয়া দিবস’ ঘোষণার দাবি জানান। একই সঙ্গে তাঁরা ভাওয়াইয়া ভবন নির্মাণের কথাও উল্লেখ করেন।ভাওয়াইয়া সন্ধ্যায় ভাওয়াইয়া গান পরিবেশন করেন মুস্তাফা জামান আব্বাসী, আজিজুল ইসলাম, বদিয়ার রহমান, সালমা মোস্তাফিজ, রাওয়ানা মার্জিয়া, মনিফা মোস্তাফিজ প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘ও কি গাড়িয়াল ভাই’, ‘ও মোর কালারে কালা’, ‘ও বন্ধু কাজল ভ্রমরা রে’, ‘যে জন প্রেমের ভাব জানে না’—এসব জনপ্রিয় গান।