হেমন্তের বইমেলা
‘বই কেনার আলাদা একটা সুযোগ হচ্ছে এ রকম মেলা। এমন আয়োজন দু-এক মাস পরপরই দরকার।’ গণগ্রন্থাগার চত্বরে কথা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সালের সঙ্গে। এখানে চলছে ‘হেমন্তের বইমেলা’। আয়োজক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শাহবাগ শাখা। এ মেলা থেকে বেশ কিছু বই কিনেছেন ফয়সাল।মেলার স্টলগুলো ছোট ও ছিমছাম। মেলায় অংশ নিয়েছে পাঠক সমাবেশ, জাগৃতি, সন্দেশ, প্যাপিরাস, ঘাস ফুল নদী, পলল, ম্যাগনাম ওপাস, ভাষাচিত্র, উৎস, শুদ্ধস্বর, কথাপ্রকাশ, প্রথমা, জনান্তিক, মুক্তচিন্তা, অ্যাডর্ন, জ্যোতিপ্রকাশ, নিমফিয়া, স্বরাজসহ আরও কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিটি প্রকাশনীর স্টলে আছে নানা রকমের বই। ছোটদের বই, বড়দের বই—কোনোটাই বাদ নেই মেলায়। উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, গবেষণা, মুক্তিযুদ্ধ, ইতিহাসসহ অনেক বিষয়ের ওপর বই আছে মেলায়। বাংলাদেশের লেখকদের ছাড়াও রয়েছে বিশ্বসাহিত্যের অনেক বই। বাইরের লেখকদের বইয়ের অনুবাদ তো রয়েছেই। বইমেলার খবর শুনেই উত্তরা থেকে ছুটে এসেছেন সুফিয়া রহমান। হাতে মোটামুটি ছোট্ট একটা বইয়ের বোঝা। একটি বেসরকারি সংস্থায় কর্মরত সুফিয়া রহমান। তিনি বলেন, বই দেখলেই ভালো লাগে। বই দেখার উন্মুক্ত জায়গা হচ্ছে বইমেলা।মেলায় পাঠকদের ভিড় ভালোই। বই কিনছেনও অনেকে। আবার কেউ কেউ উল্টে-পাল্টে দেখছেন। শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের বই প্রকাশক ও বই ব্যবসায়ীরা হেমন্তের বইমেলার মূল উদ্যোক্তা। পাঠক বাড়ানোর উদ্দেশ্যেই হেমন্তের বইমেলার আয়োজন করা হয়েছে—এমনটাই জানালেন বইমেলার আহ্বায়ক আনোয়ার ফরিদী। তিনি বলেন, ‘আগে পাড়ায় পাড়ায় পাঠাগার ছিল। পাঠাগারে সব ধরনের বই পড়তে পারত যে কেউ। কিন্তু এখন পাঠাগার-চর্চা নেই। মানুষ বই পড়বে কেমনে? তাই আমাদের এই বইমেলা, যেখান থেকে বই কিনে পড়তে পারে সবাই।’১৪১৫ বঙ্গাব্দে প্রথম হেমন্তের বইমেলার আয়োজন করা হয়। গণগ্রন্থাগারের দোতলার সেমিনার কক্ষে ছোট করে হয়েছিল সেবারের বইমেলা। ভালো সাড়া পাওয়ায় গত বছর থেকে গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। মেলা উপলক্ষে প্রতিবছর সেমিনারও হয়ে থাকে বলে জানান বাংলাদেশ পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যসচিব খান মাহবুব। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে বইমেলা। এর সমাপনী দিন ১২ নভেম্বর।