হেরোইনের এক মামলায় পুলিশের ছয় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর আগে রাজধানীর গুলশানে দুই কেজি হেরোইনসহ একটি গাড়ি (কার) আটক করে পুলিশ। চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলাও হয়। কিছুদিন পর গাড়িটি মালিকের জিম্মায় ফেরত দেওয়া হয়। তারপর ‘গাড়ির মালিক ও চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না’ অজুহাত দেখিয়ে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটি শেষ করে দেয় গুলশান থানার পুলিশ।আদালত ওই চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দেন। ডিবিও গুলশান থানার পদাঙ্ক অনুসরণ করে। এরপর সিআইডিকে দিয়ে পুনঃ তদন্তের নির্দেশ দেন আদালত। সিআইডিও একই অজুহাতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয়। এভাবে হাতেনাতে ধরা পড়া মাদক মামলাটির অপমৃত্যু ঘটানোর চেষ্টা করে আসছে পুলিশের তিন সংস্থা।সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম মামলাটির অধিকতর তদন্তের জন্য আবার নির্দেশ দেন। একই সঙ্গে মামলাটি ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।এই মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দুই কেজি হেরোইন উদ্ধার হওয়ার পর গাড়ির মালিক ও চালককে বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সন্দেহজনক। তিনি বলেন, গাড়ির মালিকানা যাচাই-বাছাই করার পর নাম-ঠিকানা ঠিক নেই বলা তদন্তকাজে অবহেলার পর্যায়ে পড়ে। মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০০৬ সালের ৩ আগস্ট রাজধানীর গুলশান নর্থ এভিনিউ এলাকায় একটি কার (ঢাকা মেট্রো-গ-১৪-৮৮২১) আটক করে পুলিশ। ওই গাড়ি থেকে প্রতিটি ৫০০ গ্রাম ওজনের চারটি প্যাকেটে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করে। এর মধ্যে গাড়িটির মালিক দাবি করে সেটি নিজ জিম্মায় নিতে ১০০/সি শেখেরটেকের মোহাম্মদী হাউজিংয়ের বাসিন্দা পরিচয় দিয়ে জনৈক নাজমা চৌধুরী আদালতে আবেদন করেন। আদালত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে মালিকানাসংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে গুলশান থানার পুলিশকে আদেশ দেন। পুলিশ গাড়ির মালিকানা ও মালিক নাজমা চৌধুরীর ঠিকানা সঠিক আছে মর্মে প্রতিবেদন দিলে আদালত গাড়িটি মালিকের জিম্মায় দিতে বলেন। একই সঙ্গে পুলিশ গাড়ির মালিকের কাছ থেকে চালক মাসুদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা সংগ্রহ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তাতে মাসুদ যশোরের বাঘারপাড়ার নারকেলবাড়িয়া গ্রামের আবদুস সামাদের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা: ৪৪/৪৫ শেখেরটেক, আদাবর থানা, ঢাকা বলে উল্লেখ করা হয়। এর অল্প কিছুদিন পর ২০০৬ সালের ৩০ অক্টোবর মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। তাতে কারণ হিসেবে বলা হয়, গাড়ির মালিক ও চালকের নাম-ঠিকানা সঠিক নেই। তাই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ভবিষ্যতেও তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। এরপর আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার ডিবির ওপর বর্তায়। ডিবির পরিদর্শক সাইফুল ইসলাম ২০০৯ সালের ৩০ জুন চূড়ান্ত প্রতিবেদন দেন। তাতে বলা হয়, ঘটনাস্থল থেকে জব্ধ করা গাড়ির মালিক নাজমা চৌধুরীকে গাড়িসহ হাজির করতে সংশ্লিষ্ট থানাকে বলা হয়। কিন্তু থানা থেকে জানানো হয়, নাজমা চৌধুরী ওই ঠিকানায় থাকেন না। পরে বিআরটিএ থেকে জানানো হয়, নাজমা চৌধুরী গাড়িটি তত দিনে রেহানা চৌধুরী নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। নাজমা চৌধুরী ও চালক মাসুদের সন্ধান পাওয়া যায়নি।এই প্রতিবেদনও প্রত্যাখ্যান করে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। সিআইডি বিআরটিএ থেকে গাড়ির মালিক নাজমা চৌধুরীর ছবি সংগ্রহ করে। এরপর স্থানীয় মহিলা কমিশনার আরজুদা বাসারকে ছবিটি দেখানো হয়। আরজুদা জানান, ওই ছবিটি নাজমা চৌধুরীর নয়, সখিনা বেগমের। যাঁকে তিনি চেনেন। তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মতিয়ার রহমানও আসামিদের নাম-ঠিকানা খুঁজে না পাওয়ার অজুহাতে ২০১০ সালের ২২ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটির অপমৃত্যু ঘটান।মতিয়ার রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, গুলশান থানার পুলিশের অবহেলার কারণে আসামিদের আর শনাক্ত করা যায়নি। তারা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এরপর ডিবিও চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে সিআইডির আর কিছু করার ছিল না।গুলশান থানা ও ডিবির তদন্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল জানা যায়নি, তাই তাঁদের বক্তব্য জানা যায়নি।এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জব্দ করা আলামত আদালতের নির্দেশ ছাড়া হস্তান্তর কিংবা ধ্বংস করার সুযোগ নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নুর হোসাইন। তিনি বলেন, পুলিশ যেখানে নাম-ঠিকানা যাচাই করে নিশ্চিত হয়ে মালিককে গাড়ি ফেরত দিয়েছে। এখন সেটাকে ভুয়া ঠিকানা বলার সুযোগ নেই। পুলিশ জেনে-বুঝেই মালিককে আসামি না করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।