হেলগা বোকা বানিয়েছিল নাৎসিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলগা ওয়েইস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন এক কিশোরী। তাঁকে ও তাঁর মাকে গ্যাস চেম্বারে পাঠিয়েই দিচ্ছিলেন জোসেফ মেনগেল নামের এক নাৎসি সেনাসদস্য। সেদিন ছোট্ট সেই কিশোরী অসাধারণ বুদ্ধিমত্তায় বোকা বানিয়েছিল নাৎসি মেনগেলকে। হয়তো তাত্ক্ষণিকভাবে হেলগা মাথা না খাটালে তাঁকে ও তাঁর মাকে বরণ করে নিতে হতো অন্য আর সব হতভাগ্য ইহুদির ভাগ্য। হেলগার সেই সাহসিকতাই সাহায্য করেছিল বর্বর নাৎসিদের নির্যাতন কেন্দ্র থেকে মাকে নিয়ে পালাতে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরো সময়টাই হেলগার জন্য ছিল দুঃস্বপ্নের। জাতিতে চেক হেলগারা বাস করত সাবেক চেকোস্লোভাকিয়ার প্রাগে। যুদ্ধ-টুদ্ধ বোঝার বয়স হেলগার ছিল না। সে কেবল অবাক বিস্ময়ে লক্ষ করতে থাকল হঠাত্ই যেন কোনো এক আসুরিক দুর্গতি নেমে এসেছে তাদের পরিবারের ওপর। স্কুলের আনন্দময় গণ্ডি তাঁকে ছেড়ে চলে আসতে হলো। ছেড়ে আসতে হলো তাঁর বন্ধুবান্ধবকে আর তাঁর খেলার সাথীদের। একদিন প্রাগে তাঁদের ফ্ল্যাটটিও ছেড়ে দিতে হলো। অজানা কিছু মানুষ তাঁদের এতদিনের স্বপ্নের বাসস্থানটি দখল করে নিল। ছোট্ট হেলগা এসব কিছুতেই মেনে নিতে পারছিল না। মা-বাবার ওপর তখন তাঁর প্রচণ্ড রাগ হতো। তিনি বুঝতে পারতেন, বাবা-মা অনেক কথা তাঁর কাছে লুকাচ্ছেন। কিন্তু তাঁদেরই বা কী করার ছিল তখন!দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালে। জার্মান নািসরা ট্রেনে করে হেলগাদের নিয়ে যায় টেরেজিনে। সেই নির্যাতন কেন্দ্রেই হেলগাদের পরিবার কাটিয়ে দেয় বিশ্বযুদ্ধের ভয়াল দিনগুলো। হেলগা দেখত, চোখের সামনে একের পর এক মানুষ নাই হয়ে যাচ্ছে। তিনি তখন মেনে নিয়েছেন, তাঁর আনন্দের দিনগুলো এখন দূর অতীত। এমনভাবেই কেটে যাবে, তাঁর জীবনের বাকি দিনগুলো।টেরেজিনের দিনগুলো তখন কোনোভাবে কেটে যাচ্ছিল হেলগার। কিন্তু তাও সহ্য হলো না হেলগাদের কপালে। তাঁদের নািসরা নিয়ে গেল অত্শউইটজ। অত্শউইটজই একদিন নাৎসিদের হাতে মারা পড়ল হেলগার বাবা। মৃত্যুর আগে তাঁর বাবার বলে যাওয়া একটি কথা দাগ কেটেছিল হেলগার ছোট্ট হূদয়ে। বাবা বলেছিলেন, জীবনে যা-ই ঘটুক। মানুষ হিসেবে আমাদের মানুষের মতোই মাথা উঁচু করে থাকতে হবে। মৃত্যুর সময়ও খেয়াল রাখতে হবে—মৃত্যুটা যেন পশুর মতো না হয়।কথাটি মাথায় ছিল হেলগার। তাই অত্শউইটজ যখন নাৎসিরা আলাদা করে কাউকে শ্রমকেন্দ্র আর কাউকে গ্যাস চেম্বারের অন্ধ কুঠুরিতে পাঠিয়ে দিচ্ছিল, তখন বাবার সেই কথাতেই যেন শক্তি ফিরে পেয়েছিল হেলগা ও তাঁর মা। অত্শউইটজ রেলস্টেশনে জোসেফ মেনগেলের মুখোমুখি হন ওয়েইস ও তাঁর মা। ভয়ংকর মেনগেলের সামনে দাঁড়িয়ে হেলগা জানালেন, তিনি শ্রমকেন্দ্রে গিয়ে কাজ করতে চান। মেনগেল কিন্তু সেখানে বসে ছিলেন নারী-শিশুদের কাছ থেকে পুরুষদের আলাদা করে ‘মৃত্যুর মিছিলে’ নিয়ে যেতে।মেনেগেল অবাকই হয়েছিল হেলগার সাহস দেখে। হেলগা বয়সে কিশোরী হলেও দেখতে তাঁকে প্রাপ্ত বয়স্ক, যৌবনপ্রাপ্ত তরুণী বলেই মনে হতো। হেলগাকে দেখে কিছুটা যেন দ্বিধার মধ্যেই পড়ে যান মেনগেল। এ সময় তাঁর মা বলে ওঠেন হেলগা এবং তাঁকে যদি শ্রমকেন্দ্রে পাঠানো হয়, তাহলে তাঁরা দুজন মিলে শ্রমকেন্দ্রের অনেক কাজ করে দেবেন। দৈনন্দিন কাজ-কর্ম নিয়ে তাঁদের আর ভাবতে হবে না। কী মনে করে, মেনগেলও রাজি হয়ে যান তাঁদের প্রস্তাবে। কেবল উপস্থিত বুদ্ধিবলেই সেদিন ওই দলের দেড় হাজার শিশুর মধ্যে একমাত্র হেলগারই গ্যাস চেম্বারের মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছিলেন।এই চমকপ্রদ ঘটনাটি নিয়ে খুব তাড়াতাড়িই ব্রিটেন থেকে প্রকাশিত হবে একটি বই। ‘হেলগারস ডায়েরি’ নামের এই বইটি প্রকাশ করবে আনা ফ্রাঙ্কের ডায়েরি প্রকাশ করে বিখ্যাত হওয়া প্রকাশনা প্রতিষ্ঠান বাটারফিল্ড। আরও দারুণ খবর হচ্ছে হেলগা ওয়েইস এখনো বেঁচে আছেন। বয়স ৮০ পার হয়ে হলেও তিনি এখনো সুস্থ-সবল ও প্রাণবন্ত। পেশায় একজন চিত্রশিল্পী হেলগা নিজেই লিখবেন তাঁর ও তাঁর পরিবারের বিশ্বযুদ্ধকালীন ঘটনাগুলো। ওয়েইস কি হয়ে উঠতে পারবেন জীবন্ত অ্যানা ফ্রাঙ্ক? দ্য গার্ডিয়ান অবলম্বনে।