যানবাহনে চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা, মোটরসাইকেল-চালকদের হেলমেট ব্যবহার ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে চালকদের কথা বলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এসব বন্ধ করতে ১ নভেম্বর থেকে বিশেষ অভিযান চালানো হবে।গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদার, পুলিশের ভারপ্রাপ্ত আইজি, বিআরটিএর চেয়ারম্যান, ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক ফেডারেশনের নেতারা এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি পালন করার কথা বলা হয়েছে।সভা শেষে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, যানজট নিরসন ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে সারা দেশে সড়ক-মহাসড়কের ওপর থেকে অবৈধ বাজার ও স্থাপনা অপসারণ কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে দুই মাসের মধ্যে ভুলতা, ভাঙ্গা, সাভার, মাওয়া ও কোনাবাড়ীতে রাস্তার ওপর থেকে সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে।সভায় ঢাকা মহানগরের যানজট নিরসনের জন্য ঢাকা সিটি করপোরেশনকে নিউমার্কেট, গুলশান-১ ও ২ এলাকার একতলা বাজারগুলোকে পার্কিং-সুবিধাসহ বহুতল ভবন নির্মাণের জন্য অনুরোধ করা হয়। উপদেষ্টা পরিষদের সভায় সড়ক দুর্ঘটনা এড়াতে মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে দূর থেকে দৃষ্টিগোচর হয়, এমন ট্রাফিক-সংকেত স্থাপনের নির্দেশ দেওয়া হয়। সভায় ঢাকা মহানগরের রাস্তা থেকে নির্মাণসামগ্রী সরিয়ে ফেলা, বৈদ্যুতিক পিলার থেকে অবাঞ্ছিত বিজ্ঞাপন ও পোস্টার অপসারণের জন্য মহানগর পুলিশকে নির্দেশ দেওয়া হয়।