হেলিকপ্টার কার অধীনে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য হেলিকপ্টার কেনা হলে সেটা কার অধীনে থাকবে, তা নিয়ে র‌্যাব-পুলিশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার হেলিকপ্টার কেনাসংক্রান্ত উচ্চপর্যায়ের সভায় র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ছয় মাসের মধ্যে র‌্যাবের জন্য একটি হেলিকপ্টার কেনার দাবি জানান। এ সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, হেলিকপ্টার কেনা হবে পুলিশ বাহিনীর জন্য, শুধু র‌্যাবের জন্য নয়। কাজেই এই হেলিকপ্টার পুলিশ সদর দপ্তরের অধীনেই থাকা উচিত, যাতে পুলিশের সব শাখা দরকারমতো তা ব্যবহার করতে পারে।দুই পক্ষের এই মতবিরোধের বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, হেলিকপ্টার কেনা নিয়ে ১৭ জানুয়ারি আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনার পর সবকিছু চূড়ান্ত হবে। র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার দুটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। একটি চলতি অর্থবছরে কেনার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অপরটি আগামী অর্থবছরে কিনতে সাড়ে ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত মার্চে আন্তমন্ত্রণালয় সভায় একটি হেলিকপ্টার কেনার জন্য প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরকে অনুরোধ করা হয়। প্রথম দিকে পরিদপ্তর আপত্তি জানালেও পরে সম্মত হয়। পুলিশ কর্মকর্তারা চান, তাঁরা নিজেরাই হেলিকপ্টার কিনবেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় নয়। এ নিয়ে গতকাল উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়।পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে আইজিপি ছাড়াও সদর দপ্তরের সব অতিরিক্ত মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, সিআইডি ও এসবির প্রধান এবং অন্যান্য পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ নিজেই হেলিকপ্টার কিনবে। ১৭ জানুয়ারি এ ব্যাপারে আন্তমন্ত্রণালয় সভায় আরও আলোচনা হবে।সভায় উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হেলিকপ্টার কেনার ব্যাপারে জোর দিয়ে কর্মকর্তারা বৈঠকে বলেছেন, মৌলভীবাজারের পুলিশ সুপার আব্দুল আলীম হূদরোগে আক্রান্ত হওয়ার পর হেলিকপ্টার ভাড়া করে তাঁকে ঢাকায় আনতে হয়। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য হেলিকপ্টার কিনতে হবে। বৈঠকে র্যাবের মহাপরিচালক বলেন, হেলিকপ্টার থাকলে কাজের গতি বাড়বে।অন্য কয়েকজন পুলিশ কর্মকর্তা সভায় বলেন, হেলিকপ্টার কেনা হবে পুলিশ বাহিনীর জন্য, সেটা সদর দপ্তরের অধীনেই থাকবে। তবে র্যাবের পক্ষ থেকে বলা হয়, র‌্যাবে এ জন্য একটি পৃথক শাখা আছে। এটা র‌্যাবের অধীনে থাকলেও বাহিনীর সব শাখা ব্যবহার করতে পারবে। বৈঠকে উপস্থিত পুলিশ কর্মকর্তারা পুলিশের পক্ষে অভিমত দেন। এ নিয়ে বেশ কিছুক্ষণ বিতর্ক চলে। একপর্যায়ে র‌্যাবের পক্ষ থেকে আলোচনা লিপিবদ্ধ করার প্রস্তাব দিলে বিতর্ক থেমে যায়।র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের আধুনিকায়নের জন্য ২০০৫ সালে একটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয়েছিল। এরপর দুই বছর অর্থ বরাদ্দ দেওয়া হলেও হেলিকপ্টার আর কেনা হয়নি। সর্বশেষ ২০০৮ সালে বরাদ্দ দেওয়া ২৫ টাকা কোটি ফেরত পাঠানো হয়।জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পর র‌্যাবের পক্ষ থেকে হেলিকপ্টার কেনার অনুমতি চাইলে মন্ত্রণালয় থেকে প্রাক্কলিত ব্যয় জানতে চাওয়া হয়। সেই ব্যয়ের হিসাব আর জানানো সম্ভব হয়নি। র‌্যাবের কর্মকর্তারা জানান, হেলিকপ্টারের দাম জানতে চাইলে তাতে কী কী সুবিধা থাকবে, তার পুরো বিবরণ নির্মাতা কোম্পানিকে দিতে হবে। এটা সরকারের ক্রয়সংক্রান্ত নীতিমালার পরিপন্থী। এ কারণে হেলিকপ্টার কেনা পিছিয়ে যায়। হেলিকপ্টার নিয়ে অভিযান ও অন্যান্য কাজ করার জন্য র্যাবে একটি শাখা আছে। চার বছর ধরে ওই শাখার কর্মকর্তারা বসে আছেন।পুলিশ সূত্র জানায়, ২০০৭-০৮ সালে পুলিশ বাহিনীর কেনাকাটাসহ বড় ধরনের খরচের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দিতে না পারায় বরাদ্দ করা অর্থ আর খরচ করা সম্ভব হয়নি।এর আগে র‌্যাবের পক্ষ থেকে রংপুর ও ময়মনসিংহ এলাকায় নতুন দুটি ব্যাটালিয়ন করার প্রস্তাব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। র‌্যাবের এ প্রস্তাব সরাসরি মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে পুলিশ সদর দপ্তর থেকে আপত্তি জানানো হয়। পরে মন্ত্রণালয় সরাসরি প্রস্তাব না দিয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে প্রস্তাব পাঠানোর জন্য র‌্যাবকে পরামর্শ দেয়। এর পর থেকেই ব্যাটালিয়ন স্থাপনের প্রস্তাব ঝুলে যায়। তবে গত ২৯ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন র‌্যাব সদর দপ্তরে এসে দুটি ব্যাটালিয়ন স্থাপনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দুটি ব্যাটালিয়ন স্থাপনের প্রস্তাব নাকচ করা হয়নি। এটি আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।এ ছাড়া র‌্যাবে বিভিন্ন বাহিনী থেকে আসা কর্মকর্তাদের নিয়োগের প্রচলিত পদ্ধতি সংশোধনেরও প্রস্তাব দেয় পুলিশ। পুলিশের এক চিঠিতে র‌্যাবে সশস্ত্র বাহিনী বা অন্য বাহিনীর সদস্যদের নিয়োগের আগে পুলিশ সদর দপ্তরের অনুমোদন নেওয়ার বিধান করার প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি র‌্যাবে বিভিন্ন বাহিনীর লোক নিয়োগ দেওয়া হয়। তবে মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।