হেলিকপ্টার হামলার ঘটনায় পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে আফগান সীমান্তে ন্যাটো বাহিনীর হেলিকপ্টার হামলায় দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যানি প্যাটারসন গত বুধবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা পাকিস্তান এবং ওই হামলার ঘটনায় নিহত ও আহত সেনাদের পরিবারের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরও বলেছেন, ভুলবশত পাকিস্তানি সেনাদের তালেবান জঙ্গি ভেবে আমেরিকান হেলিকপ্টারের চালক এই হামলা চালিয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর আফগান-পাকিস্তান সীমান্তে ওই হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান তাদের সীমান্ত বন্ধ করে দেয়। পাকিস্তানের তালেবান জঙ্গিরা ইসলামাবাদের এই পদক্ষেপকে সুযোগ হিসেবে গ্রহণ করে গত কয়েক দিনে ন্যাটো বাহিনীর প্রায় ৫৫টি তেলবাহী ট্যাংকার ও বেশ কয়েকটি অন্যান্য রসদবাহী লরি ধ্বংস করে দেয়। পাকিস্তানের সঙ্গে এক যৌথ তদন্তের পরই যুক্তরাষ্ট্র এই ক্ষমা প্রার্থনা করল। যুক্তরাষ্ট্রের এই ক্ষমা প্রার্থনার ফলে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের সীমান্ত আবার খুলে দিতে পারে। এই সীমান্ত ব্যবহার করেই ন্যাটো আফগানিস্তানে তাদের রসদ পরিবহন করে। আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোর বিমান হামলার পরিচালক টিম জাদালিস বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে আরও সহযোগিতার মাধ্যমে এই দুঃখজনক ঘটনা এড়ানো যেত। —আল জাজিরা অনলাইন।