হেলিকপ্টারে এনেও বাঁচানো গেল না শুভকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রায়হান উদ্দীন শুভকে হেলিকপ্টারে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সে চলে গেল পৃথিবী ছেড়ে।গতকাল বুধবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শুভ। এ নিয়ে মিরসরাইয়ের বড়তাকিয়া আবুতোরাব সড়কে গত ১১ জুলাইয়ের ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। এদের মধ্যে ৪০ জনই ছাত্র।জানা গেছে, শুভসহ আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আহত আরও দুই ছাত্র জুয়েল বড়ুয়া ও নয়ন শীল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনার পর থেকে চিকিত্সাধীন ছিল। তাদের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল। হাসপাতালের চিকিত্সকেরা আহত ছাত্রদের অভিভাবকদের জানিয়ে দেন, উন্নত চিকিত্সার জন্য তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু হতদরিদ্র অভিভাবকদের যেখানে সংসার চালাতে কষ্ট হচ্ছে, সেখানে দেশের বাইরে নেওয়া ছিল অসম্ভব।তাদের অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসেন মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। তাঁরা আহত ছাত্রদের ভারতে চিকিত্সা করানো সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল তিন ছাত্রের পাসপোর্ট তৈরি করা হয়। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের বিমানে চড়ার শারীরিক সক্ষমতা তৈরি হলে ভারতে উন্নত চিকিত্সার জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না শুভকে।চিকিত্সকদের বরাত দিয়ে উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শুভ অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে মারা যায়। শুভর পরিবার সূত্রে জানা গেছে, মৃতদেহ নিয়ে তার পরিবারের লোকজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে মিরসরাইয়ের উদ্দেশ রওনা হয়েছে। ধারণা করা হচ্ছে, বেলা দুইটা নাগাদ তারা শুভর লাশ নিয়ে মিরসরাই পৌঁছাবেন।